YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 40

40
প্রভু পরমেশ্বরের স্তবগান ও সাহায্য প্রার্থনা
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের জন্য।
1আমি ধৈর্য সহকারে ছিলাম প্রভুর সাহায্যের প্রতীক্ষায়,
তিনি অনুকূল হলেন, শুনলেন আমার ক্রন্দন।
2আমাকে টেনে তুললেন তিনি ধ্বংসের গহ্বন থেকে,
পঙ্কিল জলাভূমি থেকে শৈলের উপর স্থাপন করলেন আমার চরণ,
দৃঢ় হল আমার পদক্ষেপ।
3তিনি আমার মুখে দিলেন নূতন সঙ্গীত,
আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান।
এ ঘটনা অনেকের মনে জাগাবে সম্ভ্রম,
নির্ভর করতে শিখবে তারা প্রভুর উপর।
4ধন্য সেই জন, যে প্রভুর উপর আস্থা স্থাপন করে,
যে দাম্ভিকের মুখাপেক্ষা করে না,
অসত্যের পূজা করে না।
5হে প্রভু পরমেশ্বর, ঈশ্বর আমার,
তুমি আমাদের জন্য করেছ অনেক মহৎ কাজ,
আমাদের মঙ্গলের জন্য বহুবিধ তোমার পরিকল্পনা,
কেউ নেই সমকক্ষ তোমার। অজস্র তোমার সেই কল্যাণের কথা,
শত বর্ণনায়ও তার নেই কোন শেষ।
6বলিদান ও নৈবেদ্যে তুমি প্রীত নও,
চাও না তুমি হোম আর প্রায়শ্চিত্ত বলি,
কিন্তু তুমি উৎসুক করেছ আমায় তোমার বাক্য শ্রবণে।
7তখন বলেছি আমি: দেখ, এইতো আমি তোমার সম্মুখে,
আমার সম্বন্ধে তোমার নির্দেশ হয়েছে লিখিত বিধানশাস্ত্রে।
8হে আমার আরাধ্য ঈশ্বর, তোমার ইচ্ছানুযায়ী চলতে আমি ভালবাসি,
তোমার বিধান প্রতিষ্ঠিত আমার অন্তরে।#হিব্রু 10:5-7
9তোমার সাধিত পরিত্রাণের শুভসংবাদ
আমি করেছি প্রচার ভক্ত সমাবেশে।
হে প্রভু আমার, তুমি জান, আমি নীরব থাকিনি।
10তোমার পরিত্রাণের কথা
অন্তরের অন্তঃস্থলে আমি গোপন করে রাখিনি,
গোপন করিনি আমি তোমার অবিচল প্রেম ও বিশ্বস্ততার কথা ভক্ত সমাবেশে।
প্রচার করেছি মুক্ত কণ্ঠে তোমার সাধিত পরিত্রাণ ও ধর্মশীলতার কথা।
11হে প্রভু পরমেশ্বর, তোমার কৃপা থেকে আমায় করো না বঞ্চিত।
তোমার অবিচল প্রেম ও ধর্মশীলতা, সতত রক্ষা করুক আমায়।
সাহায্যের জন্য আবেদন
(গীত 70)
12সীমাহীন বিপদজালে আমি বেষ্টিত,
আমার পাপরাশি আমায় করেছে নিমজ্জিত,
আমার দৃষ্টি করেছে আচ্ছন্ন।
আমার মস্তকের কেশরাশির চেয়েও
সেগুলি সংখ্যায় অধিক,
বিভ্রান্ত আজ আমার চিত্ত।
13হে প্রভু পরমেশ্বর, কৃপা কর,
উদ্ধার কর আমায়, সত্ত্বর সাহায্য কর।
14যারা আমার জীবননাশের চেষ্টা করে,
লজ্জিত হোক, বিভ্রান্ত হোক তারা।
যারা আমার অনিষ্ট কামনা করে,
ব্যর্থ হোক তাদের পরিকল্পনা অপদস্থ হোক তারা।
15যারা আমাকে বিদ্রূপ করে
আচ্ছন্ন হোক তারা পরাজয়ের গ্লানিতে।
16কিন্তু যারা তোমার অন্বেষণে রত
তোমারই নামে তারা করুক আনন্দ উল্লাস,
তোমার পরিত্রাণেই যাদের গভীর অনুরাগ।
সতত বলুক তারা: ধন্য আমাদের মহান প্রভু পরমেশ্বর।
17দীন ও দুঃখী আমি, তবু ধন্য আমি তোমার কৃপায়।
হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি,
তুমিই আমার পরিত্রাতা, করি নিবেদন, সত্ত্বর হও আমায় সাহায্য দানে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 40