YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 41

41
পীড়িত জনের প্রার্থনা
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের জন্য।
1ধন্য সেই জন, দীনহীনের বন্ধু যে
বিপদের দিনে প্রভু তাকে করবেন উদ্ধার।
2প্রভু তাকে রক্ষা করবেন, রাখবেন নিরাপদে, দীর্ঘায়ু দেবেন তাকে,
পুণ্যবান বলে সে খ্যাত হবে দেশে
প্রভু পরমেশ্বর শত্রুর কবলে সমর্পণ করবেন না তাকে।
3রোগশয্যায় প্রভুই হবেন তার সহায়,
তার সকল ব্যাধি ও দুর্বলতা নিরাময় করবেন তিনি।
4আমি স্বীকার করছি হে প্রভু পরমেশ্বর, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি,
আমায় কৃপা কর, সুস্থ কর আমায়।
5ঈর্ষার বশে আমার শত্রুরা বলে, ও কখন মরবে?
কখন বিলুপ্ত হবে ওর নাম?
6যারা আমাকে দেখতে আসে আন্তরিকতার লেশমাত্র নেই হৃদয়ে তাদের।
তারা আসে, আমার সম্বন্ধে দুঃসংবাদ সংগ্রহের আশায়,
তারপর লোকের কাছে কুৎসা রটায়।
7যারা আমার প্রতি বিদ্বেষ পরায়ণ,
আমার সম্পর্কে তারা গুঞ্জন তোলে, অনিষ্ট কামনা করে আমার।
8তারা বলে: মারাত্মক ব্যাধি হয়েছে ওর,
শয্যা ছেড়ে ও আর উঠতে পারবে না।
9আমার পরম বন্ধু, যাকে বিশ্বাস করেছিলাম আমি,
ভাগ করে খেতাম যার সঙ্গে দিনের আহার
সেও আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে।#মথি 26:23; মার্ক 14:18; লুক 22:21; যোহন 13:18
10কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, আমার প্রতি সদয় হও, সুস্থ কর আমায়,
আমি যেন ওদের দিতে পারি প্রতিফল।
11আমি জানি তুমি প্রসন্ন আমার উপর,
কখনও আমার হবে না পরাজয়।
12আমার সততার জন্য আমায় তুমি ধারণ করে রাখ,
চিরতরে তোমার সম্মুখে আমায় কর প্রতিষ্ঠিত।
13তুমি ধন্য হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর,
অনাদিকাল থেকে অনন্তকাল অবধি!#গীত 106:48 আমেন! আমেন!

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 41