YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 39

39
যন্ত্রণাকাতর মানুষের কাতর প্রার্থনা
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের জন্য যেদুথুন ঘরানা অনুসরণে।#39:0 যেদুথুনঃ মন্দিরের গায়ক দলের প্রধান। ১ বংশা 16:41-42; 25:1-6 দ্রষ্টব্য।
1আমি সঙ্কল্প করলাম: সতর্ক হয়ে আমি চলব,
আমার জিহ্বা লিপ্ত হবে না পাপে
দুর্জন যতক্ষণ আমার সম্মুখে থাকবে
ততক্ষণ আমি সংযত রাখব আমার ওষ্ঠাধর।
2আমি সম্পূর্ণ নীরব ও মূক হয়ে রইলাম,
কিন্তু বৃথা হল আমার নীরবতা, আমার দুঃখ বেড়েই চলল।
3তীব্র দহনে দগ্ধ হল আমার হৃদয়
উদ্বেগ ও ভাবনায় জ্বলে উঠল মনের আগুন,
আমি আর পারলাম না নীরব থাকতে।
4আমি বললাম: হে প্রভু পরমেশ্বর আমাকে জানাও আমার শেষ পরিণতি,
আমাকে জানাও আমার আয়ুর পরিমাণ,
আমি জানতে চাই কত ক্ষণস্থায়ী আমার জীবন। সেলা
5দেখ, তুমিই আমার জীবনের দিনগুলি করেছ মুষ্টিমেয়,
তোমার দৃষ্টিতে আমার জীবনকাল মুহূর্তমাত্র।
বাস্তবিক, মানুষ মাত্রই বাষ্পের মত ক্ষণস্থায়ী। সেলা
6মানুষের আসা যাওয়া ছায়ার মত
অসার বস্তুর জন্যই তার ব্যস্ততা, সে ধনসম্পদ সঞ্চয় করে
কিন্তু জানে না কে এ সব ভোগ দখল করবে।
7হে প্রভু, আমি তাহলে কিসের আশায় থাকব?
তুমিই আমার আশা ও ভরসা।
8আমার সমস্ত অপরাধ থেকে মুক্ত কর আমায়,
হাস্যাস্পদ করাে না আমায় মূর্খজনের কাছে।
9মৌন আমি আজ, খুলতে পারি না মুখ,
কারণ তুমিই করেছ এ দশা আমার।
10আর আঘাত করো না আমায়
জর্জরিত আমি তোমার প্রহারে।
11পাপের জন্য যখন তুমি মানুষকে কর তিরস্কার, শাসন কর তাকে,
তখন তুমি ক্ষয় কর তার কামনার যত ধন।
বাস্তবিক, মানুষমাত্রই বাষ্পের মতক্ষণস্থায়ী। সেলা
12হে প্রভু পরমেশ্বর, শোন আমার নিবেদন,
কর্ণপাত কর আমার আর্তনাদে
নীরব থেক না আমার অশ্রুপাতে
কেননা আমি তোমার এ সংসারে ক্ষণিকের অতিথি
আমার পিতৃপুরুষদের মতই পরবাসী।
13আমার উপর থেকে সরিয়ে নাও তোমার ক্রুদ্ধ দৃষ্টি,
যেন চিরবিদায়ের আগে, পাই আমি একটু আনন্দের আস্বাদ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 39