YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 139

139
অন্তর্যামী ঈশ্বরের সস্নেহ দৃষ্টি
সঙ্গীত পরিচালকের উদ্দেশে: দাউদের গীত।
1হে প্রভু পরমেশ্বর, তুমি আমায় পরীক্ষা করেছ,
জেনেছ আমায়।
2কখন আমি বসি, কখনই বা উঠি, সবই জান তুমি,
দূর থেকেই তুমি বুঝতে পার আমার সঙ্কল্প।
3আমার চলার পথ ও বিশ্রামের স্থান তুমি অনুসন্ধান করে থাক,
তুমি লক্ষ্য কর আমার সকল গতিবিধি।
4আমার জিহ্বা কোন কথা উচ্চারণ করার আগেই
হে প্রভু পরমেশ্বর সবই জান তুমি।
5আমার সম্মুখে ও পশ্চাতে চারিদিকে তুমি রেখেছ ঘিরে,
তোমার মহাশক্তি রক্ষা করে আমায়।
6তোমার এই জ্ঞান আমার কাছে পরমাশ্চর্য,
অনেক ঊর্ধ্বস্তরের, আমার বোধের অগম্য।
7এমন কোথায় আমি যাব যেখানে তুমি নেই?
তোমার সম্মুখ থেকে কোথায় পালাব আমি?
8যদি স্বর্গে আরোহণ করি, সেখানে তুমি,
যদি পাতালে শয্যা পাতি, সেখানেও তুমি,
9যদি ঊষার পাখায় ভর করে চলে যাই উদয়াচলের প্রান্তে,
যদি সাগরের পারে অস্তাচলে গিয়ে বাঁধি ঘর,
10সেখানেও তোমারই হাত আমায় করবে চালনা,
তোমারই ডান হাত রাখবে আমায় ধরে।
11যদি বলি, আঁধার ঘিরে রাখুক আমায়
নেমে আসুক রাত আমার চারিদিকে,
12তবু আঁধার তোমার কাছে আঁধার নয়,
দিনের মতই রাত আলোময় রাত ও দিন সমান তোমার কাছে।
13তুমিই রচনা করেছ আমার এই দেহ-মন,
মাতৃ জঠরে গঠন করেছ আমায়।
14আমি তোমার স্তব গান করি তুমি ভয়াল সুন্দর, অপরূপ তুমি।
পরমাশ্চর্য তোমার কীর্তিকলাপ,
তুমি জান আমার অণু-পরমাণু।
15যখন আমি সংগোপনে গঠিত হচ্ছিলাম,
মাতার গর্ভে নির্মিত হচ্ছিলাম সুকৌশলে,
তখনও আমার গঠন তোমার ছিল না অগোচর।
16তুমি দেখেছ আমার অগঠিত ভ্রূণরূপ,
আমার জীবনের নিরূপিত দিনগুলি যখন হয়নি শুরু
তখন আমায় আয়ুর প্রতিদিনের বিবরণ লেখা ছিল তোমার পুস্তকে।#139:16 এই পদের হিব্রু অস্পষ্ট।
17হে ঈশ্বর, তোমার সমস্ত পরিকল্পনা কত রহস্যময়,
কী দুর্জ্ঞেয় আমার কাছে, কী বিপুল তাদের সমষ্টি।
18যদি গণনা করতে যাই, দেখি, তার সংখ্যা বালুকারাশির চেয়েও বেশী।
আমি যখন জেগে উঠি তখনও তোমার কাছেই থাকি।
19হে ঈশ্বর, দুর্জনদের যদি তুমি বিনাশ করতে,
তাহলে আমি নিষ্কৃতি পেতাম ঐ রক্তলোলুপদের হাত থেকে।
20ঈর্ষাভরে ওরা তোমার নিন্দা করে,
ওরা বৃথাই মাথা তোলে তোমার বিরুদ্ধে।
21হে প্রভু পরমেশ্বর যারা বিদ্বেষ করে তোমায়, আমি ঘৃণা করি তাদের!
তোমার বিরুদ্ধাচরণ করে যারা, তাদের প্রতি আমার চরম অবজ্ঞা!
22তাদের ঘৃণা করি আমি,
শত্রু বলেই গণ্য করি তাদের।
23হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করে দেখ,
জ্ঞাত হও আমার অন্তরের কথা আমাকে পরীক্ষা কর, অবগত হও আমার চিন্তাধারা।
24দেখ, কুপথে আমি চলেছি কি না,
চালাও আমায় তোমার শাশ্বত পথে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in