YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 140

140
সুরক্ষার জন্য ভক্তের প্রার্থনা
সঙ্গীত পরিচালকের উদ্দেশে। দাউদের সংকলন
1হে প্রভু পরমেশ্বর উদ্ধার কর আমায় দুর্জনদের কবল থেকে,
হিংস্র লোকদের হাত থেকে রক্ষা কর আমায়।
2ওরা মনে মনে অনিষ্টের পরিকল্পনা করে,
প্রতিদিন সংঘর্ষের প্ররোচনা দেয়।
3সর্পের জিহ্বার মত ওরা তীক্ষ্ণ করেছে নিজেদের রসনা
ওদের ওষ্ঠাধরে নিহিত রয়েছে কালসর্পের সুতীব্র হলাহল।#রোমীয় 3:13 সেলা
4হে প্রভু, দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা কর,
হিংস্র লোকদের হাত থেকে নিস্তার কর আমায়,
ওরা আমাকে পদস্খলিত করার চক্রান্ত করেছে।
5উদ্ধত লোকেরা আমার জন্য গোপনে পেতেছে ফাঁদ,
সেখানে জাল বিছিয়েছে তারা, পথের ধারে রেখেছে মরণ পাশ।
6প্রভুকে আমি বলেছি: তুমিই আমার ঈশ্বর,
হে প্রভু পরমেশ্বর মিনতি শোন আমার।
7হে প্রভু পরমেশ্বর, আরাধ্য প্রভু আমার আমার মহাশক্তিমান রক্ষক,
সংগ্রামের দিনে তুমি আচ্ছাদন করেছ আমার শির।
8হে প্রভু, পূর্ণ হতে দিও না তুমি দুষ্টের অভিলাষ,
সফল হতে দিও না তার চক্রান্ত। সেলা
9আমার উপরে বিজয়ী হতে দিও না আমার শত্রুদের,
আমার বিরুদ্ধে ওদের ষড়যন্ত্রের ওরাই হোক শিকার।
10ওদের উপর বর্ষিত হোক জ্বলন্ত অঙ্গাররাশি, ওরা নিক্ষিপ্ত হোক গহ্বরে, আর যেন উঠতে না পারে তারা।
11নিন্দুক প্রতিষ্ঠা পাবে না দেশে,
অমঙ্গল গ্রাস করবে হিংস্র ব্যক্তিকে, সমূলে করবে বিনাশ।
12আমি জানি, প্রভু পরমেশ্বর দীনহীনের অভিযোগ নিষ্পত্তি করেন,
দরিদ্রের পক্ষে করেন ন্যায়বিচার।
13ধার্মিকেরা অবশ্যই তোমার নামের করবে গুণগান নিঃসংশয়ে,
ন্যায়নিষ্ঠেরা বাস করবে তোমারই সান্নিধ্যে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 140