যিরমিয় 12
12
যিরমিয়ের নালিশ
1হে সদাপ্রভু, আমি যখন তোমার বিরুদ্ধে কোন নালিশ করি তখন তুমি যে নির্দোষ তা সব সময়ই প্রমাণিত হয়। তবুও আমি তোমার বিচার সম্বন্ধে তোমার সংগে কিছু কথা বলব। দুষ্টদের পথ কেন ভাল হয়? যারা বিশ্বাসঘাতকতা করে তারা কেন আরামে বাস করে? 2তুমিই তাদের লাগিয়েছ আর তারা শিকড় বসিয়েছে; তারা বেড়ে ওঠে ও তাদের ফল ধরে। মুখে তারা সব সময় তোমার কথা বলে কিন্তু তাদের অন্তর তোমার কাছ থেকে দূরে থাকে। 3হে সদাপ্রভু, তুমি আমাকে জান; তুমি আমাকে দেখে থাক এবং তোমার প্রতি আমার ভক্তি কতখানি তা পরীক্ষা করে থাক। ভেড়ার মত কেটে ফেলবার জন্য তুমি তাদের টেনে নিয়ে যাও; জবাইয়ের দিনের জন্য তাদের আলাদা করে রাখ। 4আর কত দিন দেশ শোক করবে এবং মাঠের ঘাস শুকনা হয়ে থাকবে? যারা সেখানে বাস করে তারা মন্দ বলে জীব-জানোয়ার আর পাখীরা সব ধ্বংস হয়ে গেছে। সেই লোকেরা বলছে, “আমাদের যা হবে তা সে দেখতে পাবে না।”
ঈশ্বরের উত্তর
5“মানুষের সংগে দৌড় প্রতিযোগিতায় যদি তুমি ক্লান্ত হয়ে পড় তবে ঘোড়াদের সংগে দৌড়ে তুমি কি করে পারবে? কেবল শান্তিপূর্ণ দেশে যদি তুমি নিজেকে নিরাপদ মনে কর তাহলে যর্দনের ধারের জংগলে তুমি কি করে থাকবে? 6তোমার ভাইয়েরা, অর্থাৎ তোমার বংশের নিজের লোকেরা তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে; তারাও তোমার পিছনে লেগেছে। তোমার বিষয় ভাল কথা বললেও তাদের বিশ্বাস কোরো না।
7“আমি আমার লোকদের ছেড়ে দিয়েছি এবং আমার সম্পত্তি ইস্রায়েলকে ত্যাগ করেছি; আমি যাকে ভালবাসি তাকে তার শত্রুদের হাতে তুলে দিয়েছি। 8আমার সম্পত্তি আমার কাছে বনের সিংহের মত হয়েছে। সে আমাকে দেখে গর্জন করেছে, তাই আমি তাকে ঘৃণা করি। 9আমার সম্পত্তি আমার কাছে অদ্ভূত রংয়ের শিকারী পাখীর মত হয়েছে, যাকে অন্যান্য শিকারী পাখীরা ঘেরাও করে আক্রমণ করছে। তুমি গিয়ে সমস্ত বুনো পশুদের জড়ো করে নিয়ে এস যেন তারা খেতে পারে। 10অনেক রাখাল আমার আংগুর ক্ষেত নষ্ট করেছে এবং তা পায়ে মাড়িয়েছে; আমার সুন্দর ক্ষেতকে তারা জনশূন্য পোড়ো জমি করে ফেলেছে। 11তা আমার সামনে জনশূন্য হয়ে শোক করছে। গোটা দেশটাই পোড়ো জমি হয়ে রয়েছে বলে কেউ তার দিকে মনোযোগ দেয় না। 12মরু-এলাকার গাছপালাহীন পাহাড়ের উপরে ধ্বংসকারীরা এসেছে, কারণ সদাপ্রভুর তলোয়ার দেশের এক কিনারা থেকে অন্য কিনারা পর্যন্ত গ্রাস করছে; কেউ শান্তিতে নেই। 13তারা বুনেছে গম কিন্তু কেটেছে কাঁটা; তারা কঠিন পরিশ্রম করেছে কিন্তু কিছুই পায় নি। সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধের দরুন তোমরা তোমাদের ফসল কাটবার লজ্জা বহন করেছ।”
14সদাপ্রভু বলছেন, “আমি অধিকার হিসাবে যে জায়গা আমার লোকদের দিয়েছি আমার সমস্ত দুষ্ট প্রতিবেশীরা তাতে হানা দিয়েছে। সেইজন্য আমি তাদের দেশ থেকে তাদের উপ্ড়ে ফেলব এবং তাদের মধ্য থেকে যিহূদার লোকদের তুলে আনব। 15কিন্তু তাদের উপ্ড়ে ফেলবার পর আমি আবার মমতা করে তাদের প্রত্যেককে তার নিজের অধিকারে ও নিজের দেশে ফিরিয়ে আনব। 16যদিও তারা একদিন আমার লোকদের বাল দেবতার নামে শপথ করতে শিখিয়েছিল তবুও যদি তারা আমার লোকদের পথে চলে এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে আমার নামে শপথ করে, তবে তারা আমার লোকদের মধ্যে থেকে আশীর্বাদ পাবে। 17কিন্তু যদি কোন জাতি তা না করে তবে তাকে আমি সম্পূর্ণভাবে উপ্ড়ে ফেলে ধ্বংস করে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Currently Selected:
যিরমিয় 12: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000