YouVersion Logo
Search Icon

যিরমিয় 11

11
অবাধ্যতার শাস্তি
1-3সদাপ্রভু আমাকে বললেন যেন আমি এই ব্যবস্থার কথাগুলো শুনি এবং তা যিহূদার ও যিরূশালেমের লোকদের বলি যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন, “যে কেউ এই ব্যবস্থার কথাগুলো পালন না করে সে অভিশপ্ত। 4যখন আমি তোমাদের পূর্বপুরুষদের মিসর থেকে, লোহা গলানো চুল্লী থেকে বের করে এনেছিলাম তখন আমি এই বলে তাদের আদেশ করেছিলাম, ‘তোমরা আমার কথা শোন এবং আমি যা করতে আদেশ করেছি তা কর, তাহলে তোমরা আমার লোক হবে ও আমি তোমাদের ঈশ্বর হব। 5আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে এমন দেশ দেবার শপথ করেছিলাম যেখানে দুধ, মধু ও কোন কিছুর অভাব নেই, আর সেই শপথ আমি পূরণ করব।’ সেই দেশই আজ তোমরা অধিকার করে আছ।”
উত্তরে আমি বললাম, “আমেন, সদাপ্রভু।”
6সদাপ্রভু আমাকে যিহূদার শহরগুলোতে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় এই কথা ঘোষণা করতে বললেন, “এই ব্যবস্থার কথাগুলো শুনে তা পালন কর। 7তোমাদের পূর্বপুরুষদের যখন আমি মিসর দেশ থেকে বের করে এনেছিলাম তখন থেকে আজ পর্যন্ত বার বার তাদের সাবধান করে দিয়ে বলেছিলাম, ‘তোমরা আমার কথামত চল।’ 8কিন্তু তারা তা শোনে নি বা তাতে মনোযোগও দেয় নি; তার বদলে তারা তাদের একগুঁয়ে মন্দ অন্তরের ইচ্ছামত চলেছে। কাজেই যে ব্যবস্থা আমি তাদের পালন করতে বলেছিলাম তারা তা পালন করে নি বলে সেই ব্যবস্থার কথা অনুসারে আমি তাদের শাস্তি দিয়েছি।”
9তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিহূদার ও যিরূশালেমের লোকদের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। 10তারা তাদের সেই পূর্বপুরুষদের পাপের দিকে ফিরে গেছে যারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল। তারা দেব-দেবতাদের সেবা করবার জন্য তাদের পিছনে গেছে। তাদের পূর্বপুরুষদের জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা ইস্রায়েল ও যিহূদার লোকেরা পালন করে নি। 11কাজেই আমি সদাপ্রভু বলছি যে, আমি তাদের উপর এমন বিপদ আনব যা থেকে তারা পালাতে পারবে না। যদিও তারা আমার কাছে কাঁদবে তবুও আমি তাদের কথা শুনব না। 12যখন বিপদ আসবে তখন যিহূদার শহরগুলোর ও যিরূশালেমের লোকেরা গিয়ে সেই দেব-দেবতার কাছে কান্নাকাটি করবে যাদের সামনে তারা ধূপ জ্বালিয়েছিল, কিন্তু তারা তাদের রক্ষা করবে না। 13যিহূদার যতগুলো শহর ও গ্রাম আছে ততগুলো দেব-দেবতাও আছে, আর যিরূশালেমের যতগুলো রাস্তা আছে সেই লজ্জাজনক বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালাবার জন্য ততগুলো বেদীও তৈরী করা হয়েছে।
14“এই লোকদের জন্য তুমি কোন প্রার্থনা কোরো না কিম্বা তাদের জন্য কোন মিনতি বা অনুরোধ কোরো না, কারণ তাদের কষ্টের সময় তারা আমাকে ডাকলে আমি শুনব না।
15“আমার ঘরে আমার প্রিয় লোকদের কি অধিকার আছে? তারা তো অনেক খারাপ কাজ করেছে, এমন কি, তারা আমার উদ্দেশে উৎসর্গ করা মাংস তাদের কাছ থেকে সরিয়ে ফেলে। হে অন্যায়কারীরা, যখন বিপদ তোমাদের উপর আসবে তখনও কি তোমরা আনন্দ করতে থাকবে?”
16সদাপ্রভু এই জাতিকে ফলে ভরা সুন্দর একটা জলপাই গাছ বলে ডেকেছিলেন। কিন্তু ভীষণ ঝড়ের গর্জনে তিনি তাতে আগুন ধরিয়ে দেবেন আর তাতে তার ডালগুলো ভেংগে পড়বে। 17সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যিনি তাকে লাগিয়েছিলেন তিনিই তার সর্বনাশের রায় দিয়েছেন, কারণ যিহূদা ও ইস্রায়েলের লোকেরা মন্দ কাজ করেছে এবং বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে তাঁর অসন্তোষকে খুঁচিয়ে তুলেছে।
যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র
18অনাথোতের লোকদের ষড়যন্ত্রের কথা সদাপ্রভু আমার কাছে প্রকাশ করেছিলেন বলে আমি তা জানতে পেরেছিলাম। 19আমি ছিলাম জবাই করতে নিয়ে যাওয়া শান্ত ভেড়ার বাচ্চার মত; আমি বুঝতে পারি নি যে, তারা এই বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, “এস, আমরা গাছ ও তার ফল নষ্ট করে ফেলি; এস, আমরা তাকে জীবিতদের দেশ থেকে কেটে ফেলে দিই যাতে তার নাম আর মনে করা না হয়।”
20হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, তুমি ন্যায়ভাবে বিচার করে থাক আর অন্তর ও মনের পরীক্ষা করে থাক, তাই তাদের উপর তোমার প্রতিশোধ নেওয়া আমাকে দেখতে দাও, কারণ আমি আমার নালিশ তোমাকেই জানিয়েছি।
21সেইজন্য অনাথোতের লোকদের বিষয়ে সদাপ্রভু বলছেন, “যারা তোমার প্রাণ নিতে চাইছে আর বলছে, ‘সদাপ্রভুর নামে নবী হিসাবে কথা বোলো না, বললে তুমি আমাদের হাতে মারা পড়বে,’ 22আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা যুদ্ধে এবং তাদের ছেলেমেয়েরা দুর্ভিক্ষে মারা যাবে। 23তাদের বাকী বলতে কেউ থাকবে না, কারণ অনাথোতের লোকদের শাস্তি দেবার সময়ে আমি তাদের উপর সর্বনাশ নিয়ে আসব।”

Currently Selected:

যিরমিয় 11: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 11