যিরমিয় 13
13
মসীনা সুতার জাংগিয়া
1সদাপ্র্রভু আমাকে বললেন, “তুমি গিয়ে মসীনা সুতার একটা জাংগিয়া কিনে পর, কিন্তু সেটা জলে ডুবাবে না।” 2কাজেই সদাপ্রভুর নির্দেশমত আমি একটা জাংগিয়া কিনে পরলাম।
3তখন সদাপ্রভু দ্বিতীয়বার আমাকে বললেন, 4“যে জাংগিয়া তুমি কিনে পরেছ সেটা নিয়ে এখনই তুমি ইউফ্রেটিস নদীর কাছে গিয়ে পাথরের কোন ফাটলে লুকিয়ে রাখ।” 5সেইজন্য সদাপ্রভুর কথামত আমি গিয়ে ইউফ্রেটিস নদীর কাছে সেটা লুকিয়ে রাখলাম।
6তারপর অনেক দিন পরে সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এখনই ইউফ্রেটিস নদীর কাছে যাও এবং সেখানে যে জাংগিয়াটা আমি তোমাকে লুকিয়ে রাখতে বলেছিলাম সেটা নিয়ে এস।” 7সেইজন্য আমি ইউফ্রেটিস নদীর কাছে গিয়ে জাংগিয়াটা যেখানে লুকিয়ে রেখেছিলাম সেখান থেকে সেটা খুঁড়ে বের করলাম, কিন্তু তখন সেটা নষ্ট ও সম্পূর্ণভাবে অকেজো হয়ে গিয়েছিল।
8তারপর সদাপ্রভু আমাকে বললেন, 9“আমি সদাপ্রভু এই কথা বলছি যে, এই রকম করে আমি যিহূদার অহংকার এবং যিরূশালেমের ভীষণ অহংকার ধ্বংস করব। 10এই দুষ্ট জাতির লোকেরা, যারা আমার কথা শুনতে অস্বীকার করেছে এবং তাদের অন্তরের একগুঁয়েমিতে চলেছে আর সেবা ও উপাসনা করবার জন্য দেব-দেবতার পিছনে গেছে তারা এই জাংগিয়ার মত সম্পূর্ণভাবে অকেজো হবে। 11লোকে কোমরে যেমন করে জাংগিয়া পরে তেমনি করে আমি গোটা ইস্রায়েল ও যিহূদার সমস্ত লোকদের আমার সংগে জড়িয়েছিলাম, যাতে তারা আমার সুনাম, প্রশংসা ও সম্মানের জন্য আমার লোক হয়, কিন্তু তারা আমার কথা শোনে নি।
আংগুর-রস রাখা মাটির পাত্র
12“তুমি তাদের বল যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আংগুর-রস রাখা প্রত্যেকটি মাটির পাত্র রসে পূর্ণ করতে হবে।’ আর যদি তারা তোমাকে বলে, ‘আমরা কি জানি না যে, আংগুর-রস রাখা প্রত্যেকটি পাত্র রসে পূর্ণ করতে হবে?’ 13তবে তুমি তাদের বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘যারা এই দেশে বাস করে, অর্থাৎ দায়ূদের সিংহাসনে বসা সমস্ত রাজাদের, পুরোহিতদের, নবীদের এবং যিরূশালেমে বাসকারী সকলকে আমি মাতলামি দিয়ে পূর্ণ করব। 14আংগুর-রসের পাত্রের মত করে আমি একজনের উপর আর একজনকে আছাড় মেরে চুরমার করব; বাবা হোক বা ছেলে হোক সবাইকে চুরমার করব। আমি কোন করুণা বা দয়া কিম্বা মমতা করব না; তাদের ধ্বংস করবই করব।’ ”
বন্দী হওয়ার ভয় দেখানো
15তোমরা শোন, মনোযোগ দাও, গর্বিত হোয়ো না, কারণ সদাপ্রভু কথা বলেছেন। 16তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর, তা না হলে তিনি অন্ধকার নিয়ে আসবেন আর অন্ধকার হয়ে আসা সব পাহাড়ের উপরে তোমাদের পায়ে উছোট লাগবে। তোমরা আলোর আশা করলে তিনি তা অন্ধকার করে দেবেন, গভীর অন্ধকার করে দেবেন। 17তোমরা যদি কথা না শোন তবে তোমাদের অহংকারের জন্য আমি গোপনে কাঁদব, ভীষণভাবে কাঁদব ও আমার চোখ জলে ভেসে যাবে, কারণ সদাপ্রভুর লোকদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
18সদাপ্রভু আমাকে বললেন, “তুমি রাজা ও তার মাকে বল, ‘আপনারা সিংহাসন থেকে নেমে আসুন, কারণ আপনাদের সুন্দর মুকুট আপনাদের মাথা থেকে পড়ে যাবে। 19নেগেভের শহরগুলোর ঢুকবার পথ বন্ধ করা হবে এবং কেউ সেখানে ঢুকতে পারবে না। যিহূদার সমস্ত লোককে বন্দী করে নিয়ে যাওয়া হবে, একেবারে সকলকে নিয়ে যাওয়া হবে।’ ”
20সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম, তুমি চোখ তোল, দেখ, উত্তর দিক থেকে শত্রুরা আসছে। যে পাল তোমার হাতে দেওয়া হয়েছিল, যে ভেড়াদের নিয়ে তুমি গর্ব করতে তারা কোথায়? 21যে সব রাজ্যের সংগে তুমি বন্ধুত্ব গড়ে তুলেছিলে সদাপ্রভু যখন তোমার উপরে তাদের বসাবেন তখন তুমি কি বলবে? প্রসবের সময়ে স্ত্রীলোক যেমন যন্ত্রণা পায় তেমনি কি তুমি যন্ত্রণা পাবে না? 22যদি তুমি নিজেকে জিজ্ঞাসা কর, ‘আমার উপর এটা কেন ঘটল?’ তবে এর উত্তর হল, তোমার অনেক পাপের জন্য তোমার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে ও দেহের উপর অত্যাচার করা হয়েছে। 23কূশ দেশের লোক কি তার দেহের রং কিম্বা চিতাবাঘ কি তার গায়ের ফোঁটা ফোঁটা দাগ বদলে ফেলতে পারে? তুমিও তেমনি ভাল কাজ করতে পার না, কারণ তুমি মন্দ কাজ করা অভ্যাস করে ফেলেছ।
24“মরু-এলাকার বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মত আমি তোমার লোকদের ছড়িয়ে দেব। 25এটাই তোমার পাওনা; এটাই আমি তোমার জন্য মেপে দিয়েছি, কারণ তুমি আমাকে ভুলে গিয়ে মিথ্যা দেব-দেবতার উপর বিশ্বাস করেছ। 26আমি তোমার কাপড় তোমার মুখের উপর তুলে দেব যাতে তোমার লজ্জা দেখা যায়। 27আমি তোমার ব্যভিচার ও কামনাপূর্ণ ডাক এবং লজ্জাহীন বেশ্যার কাজ দেখেছি; দেখেছি পাহাড়ে পাহাড়ে ও মাঠে মাঠে এই সব জঘন্য কাজ। যিরূশালেম, ধিক্ তোমাকে! আর কত দিন তুমি অশুচি থাকবে?”
Currently Selected:
যিরমিয় 13: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000