YouVersion Logo
Search Icon

ইশাইয়া 60

60
জেরুজালেমের গৌরব
1মাবুদ বলছেন, “হে জেরুজালেম,
ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে;
মাবুদের মহিমা তোমাকে আলো দিচ্ছে।
2দেখ, দুনিয়া আঁধারে ঢেকে গেছে
আর জাতিদের উপরে এসেছে ঘন অন্ধকার,
কিন্তু মাবুদ তোমার উপরে আলো দেবেন
আর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
3জাতিরা তোমার আলোর কাছে আসবে;
বাদশাহ্‌রা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।
4“তুমি চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখ,
তারা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;
তোমার ছেলেরা দূর থেকে আসছে
আর তোমার মেয়েদের কোলে করে আনা হচ্ছে।
5তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে,
মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে;
সাগরের ধন তোমার কাছে আনা হবে,
জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।
6মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে,
ছেয়ে যাবে মাদিয়ান ও ঐফার শক্তিশালী উটে।
তারা সোনা আর খোশবু ধূপ নিয়ে সাবা দেশ থেকে আসবে
আর মাবুদের গৌরব ঘোষণা করবে।
7কায়দারের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে,
নাবায়ুতের ভেড়া তোমার কাজে লাগবে;
আমার কোরবানগাহের উপরে কোরবানী হিসাবে আমি সেগুলো গ্রহণ করব,
আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।
8“নিজের নিজের বাসার দিকে ঘুঘু যেমন উড়ে আসে
তেমনি এরা কারা মেঘের মত উড়ে আসছে?
9সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে;
তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকে
বড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে।
ইসরাইলের আল্লাহ্‌ পাকের,
তোমার মাবুদ আল্লাহ্‌র গৌরব করবার জন্য
তোমার ছেলেরা আসছে,
কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।
10“বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবে
আর তাদের বাদশাহ্‌রা তোমার সেবা করবে।
যদিও রাগে আমি তোমাকে আঘাত করেছি
তবুও রহমত করে আমি তোমাকে মমতা করব।
11তোমার দরজাগুলো সব সময় খোলা থাকবে,
দিনে ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে না
যাতে জাতিদের ধন-সম্পদ লোকে তোমার কাছে আনতে পারে;
তাদের বাদশাহ্‌দেরও নিয়ে আসা হবে।
12যে জাতি বা রাজ্য তোমার সেবা করবে না তা ধ্বংস হবে,
তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।
13“লেবাননের গৌরব তোমার কাছে আসবে;
আমার পবিত্র জায়গা সাজাবার জন্য
আসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ;
আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।
14তোমাকে যারা জুলুম করত
তাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে;
যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই মাটিতে উবুড় হয়ে তোমাকে সালাম জানাবে
আর তোমাকে মাবুদের শহর,
ইসরাইলের আল্লাহ্‌ পাকের সিয়োন বলে ডাকবে।
15“যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল,
কেউ তোমার মধ্য দিয়ে যেত না,
তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্র
আর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।
16মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায়
তেমনি জাতিরা ও বাদশাহ্‌রা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে।
তখন তুমি জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা,
তোমার মুক্তিদাতা, ইয়াকুবের শক্তিশালী আল্লাহ্‌।
17আমি তোমার জন্য আনব ব্রোঞ্জের বদলে সোনা
আর লোহার বদলে রূপা।
কাঠের বদলে আমি তোমার জন্য আনব ব্রোঞ্জ
আর পাথরের বদলে লোহা।
আমি উন্নতিকে করব তোমার শাসনকর্তা
আর সততাকে করব তোমার নেতা।
18কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না,
তোমার সীমানার মধ্যে শোনা যাবে না
কোন ধ্বংস বা বিনাশের কথা।
তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধার
আর তোমার দরজাগুলোর নাম হবে প্রশংসা।
19দিনের বেলায় সূর্যের আলো তোমার আর দরকার হবে না,
চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না,
কারণ মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো,
আর তোমার আল্লাহ্‌ হবেন তোমার জাঁকজমক।
20তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না,
তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না।
মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো;
তোমার শোকের দিন শেষ হবে।
21তখন তোমার সব লোকেরা সৎ হবে;
তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে।
তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ;
তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।
22তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে,
আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে।
আমি মাবুদ; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”

Currently Selected:

ইশাইয়া 60: MBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in