২ থিষলনীকীয় 2
2
কেয়ামত দিনে দজ্জালের প্রকাশ
1ভাইয়েরা, আমাদের হযরত ঈসা মসীহ্ আসবেন এবং আমাদের একসংগে মিলিত করে তাঁর নিজের কাছে নিয়ে যাবেন। এই বিষয়ে আমরা তোমাদের এই অনুরোধ করছি- 2“প্রভুর দিন এসে পড়েছে,” এই অর্থে নবী হিসাবে বলা কারও কথা বা অন্য কারও কথা কিংবা আমাদের লেখা মনে করে কোন চিঠির দরুন তোমরা সহজে চঞ্চল হয়ো না বা ভয় পেয়ো না। 3কেউ যেন কোন ভাবেই তোমাদের ভুল পথে নিয়ে না যায়, কারণ সেই দিন আসবার আগে আল্লাহ্র বিরুদ্ধে ভীষণ বিদ্রোহ হবে, আর সেই অবাধ্যতার পুরুষ, যে জাহান্নামী, সে প্রকাশিত হবে। 4“মাবুদ” বলে যা কিছু আছে সেই সমসে-র বিরুদ্ধে আর এবাদত করবার মত সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বড় করে দেখাবে; এমন কি, সে আল্লাহ্র এবাদত-খানায় বসে নিজেকে আল্লাহ্ বলে দাবি করবে।
5আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন এই সব কথা যে তোমাদের বলতাম, তা কি তোমাদের মনে পড়ে না? 6সেই অবাধ্যতার পুরুষ যাতে ঠিক সময়ের আগে প্রকাশিত হতে না পারে সেইজন্য যা এখন তাকে বাধা দিয়ে রাখছে তা তো তোমরা জান। তোমরা এও জানতে পেরেছ যে, অবাধ্যতার পুরুষের গোপন কার্যকলাপ এখনও চলছে, 7কিন্তু যিনি তাকে বাধা দিয়ে রাখছেন তিনি সরে না যাওয়া পর্যন্ত বাধা দিতেই থাকবেন। তারপরে সেই অবাধ্যতার পুরুষ প্রকাশিত হবে। 8হযরত ঈসা তাঁর মুখের নিঃশ্বাসে তাকে ধ্বংস করবেন এবং তাঁর মহিমাপূর্ণ উপস্থিতির দ্বারা তার শক্তি শেষ করে দেবেন। 9সেই অবাধ্যতার পুরুষ যখন আসবে তখন তার সংগে থাকবে শয়তানের শক্তি। সেই শক্তি প্রকাশ পাবে সব রকম মিথ্যা চিহ্ন এবং কেরামতী ও শক্তির কাজের মধ্যে, 10আর ধ্বংসের পথে এগিয়ে যাওয়া লোকদের ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে। এই লোকেরা ধ্বংস হবে, কারণ নাজাত পাবার জন্য তারা সত্যকে ভালবাসে নি এবং তা গ্রহণও করে নি। 11এইজন্য আল্লাহ্ তাদের কাছে এমন এক শক্তি পাঠাবেন যা তাদের ভুল পথে নিয়ে যাবে, যেন তারা মিথ্যায় বিশ্বাস করে। 12ফলে যারা সত্যের উপর ঈমান না এনে অন্যায় কাজে আনন্দ পেয়েছে তাদের সকলকে হাশরে দোষী বলে ধরা হবে।
স্থির থাকতে উপদেশ
13প্রভুর প্রিয় আমার ভাইয়েরা, তোমাদের জন্য সব সময়ই আল্লাহ্কে আমাদের শুকরিয়া জানানো উচিত, কারণ নাজাত পাবার জন্য আল্লাহ্ প্রথম থেকেই তোমাদের বেছে রেখেছেন। পাক-রূহের দ্বারা তোমাদের পবিত্র করবার মধ্য দিয়ে এবং সুসংবাদের সত্যের উপর তোমাদের ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ। 14আমরা যে সুসংবাদ তবলিগ করছি তার মধ্য দিয়েই সেই নাজাত পাবার জন্য তিনি তোমাদের ডেকেছেন, যাতে তোমরা আমাদের হযরত ঈসা মসীহের মহিমার ভাগী হও। 15সেইজন্য ভাইয়েরা, স্থির থাক, আর চিঠির দ্বারা বা কথার দ্বারা যে শিক্ষা আমরা তোমাদের দিয়েছি তা ধরে রাখ।
16-17আমাদের হযরত ঈসা মসীহ্ নিজে এবং আমাদের পিতা আল্লাহ্ তোমাদের দিলে উৎসাহ দান করুন এবং সমস্ত ভাল কাজে ও কথায় তোমাদের স্থির রাখুন। তিনিই আমাদের মহব্বত করেছেন আর রহমত করে অশেষ উৎসাহ এবং আনন্দপূর্ণ আশ্বাস দান করেছেন।
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006