২ থিষলনীকীয় 3
3
মুনাজাতের জন্য অনুরোধ
1শেষে বলি ভাইয়েরা, আমাদের জন্য মুনাজাত কোরো যেন প্রভুর কালাম তোমাদের মধ্যে যেমন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল সেইভাবেই তা ছড়িয়ে পড়তে ও গৌরব পেতে থাকে। 2আরও মুনাজাত কোরো যেন আমরা বিবেকহীন ও দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা পাই, কারণ সব লোকেরই যে ঈমান আছে তা নয়। 3কিন্তু প্রভু বিশ্বাসযোগ্য; তিনিই তোমাদের স্থির রাখবেন এবং শয়তানের হাত থেকে তোমাদের রক্ষা করবেন। 4প্রভুর সংগে যুক্ত বলে তোমাদের সম্বন্ধে আমাদের এই বিশ্বাস আছে যে, আমরা তোমাদের যে সব হুকুম দিয়েছি সেইমতই তোমরা কাজ করছ এবং করতেও থাকবে। 5প্রভু যেন তোমাদের দিল আল্লাহ্র মহব্বতের পথে আর মসীহের ধৈর্যের পথে চালিয়ে নিয়ে যান।
অলসতার বিরুদ্ধে
6ভাইয়েরা, আমাদের হযরত ঈসা মসীহের নামে আমরা তোমাদের এই হুকুম দিচ্ছি- যদি কোন ভাই অলস ভাবে চলে এবং আমাদের কাছ থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা পালন না করে, তবে তোমরা তার সংগে মেলামেশা কোরো না। 7কিভাবে আমাদের মত হয়ে চলা উচিত তা তোমরা নিজেরাই জান। তোমাদের মধ্যে থাকবার সময়ে আমরা অলস ভাবে চলি নি, 8কিংবা দাম না দিয়ে কারও খাবার খাই নি। আমরা দিনরাত পরিশ্রম আর কষ্ট করেছি যাতে আমরা তোমাদের কারও বোঝা হয়ে না পড়ি। 9তোমাদের কাছ থেকে সাহায্য নেবার অধিকার যে আমাদের নেই তা নয়, কিন্তু তোমরা যেন আমাদের মত হয়ে চল সেইজন্যই আমরা এইভাবে কাজ করে তোমাদের দেখিয়েছিলাম। 10তোমাদের কাছে থাকবার সময়েই আমরা তোমাদের হুকুম দিয়ে বলেছিলাম যে, কেউ যদি কাজ করতে না চায় তবে সে যেন না খায়। 11আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস ভাবে চলছে আর একেবারেই কাজকর্ম করছে না, বরং অন্যের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকছে। 12আমাদের হযরত ঈসা মসীহের হয়ে আমরা এই রকম লোকদের হুকুম ও উপদেশ দিচ্ছি, তারা যেন শান্ত ভাবে কাজকর্ম করে নিজেদের খাবার নিজেরা যোগাড় করে।
13ভাইয়েরা, ভাল কাজে ক্লান্ত হয়ো না। 14এই চিঠির মধ্যে লেখা আমাদের কথা যদি কেউ না মানে তাহলে সেই লোককে চিনে রাখ। তার সংগে মেলামেশা কোরো না যাতে সে লজ্জা পায়। 15কিন্তু তাকে শত্রু বলেও মনে কোরো না, বরং ভাই হিসাবে তাকে সাবধান কর।
শেষ কথা
16শান্তিদাতা প্রভু নিজে সব সময় সব রকমে তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সংগে থাকুন।
17এই সালামের কথা আমি পৌল নিজের হাতে লিখছি। এটাই আমার প্রত্যেক চিঠির চিহ্ন; আমি এইভাবেই লিখে থাকি।
18আমাদের হযরত ঈসা মসীহের রহমত তোমাদের সকলের উপরে থাকুক।
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006