জবুর শরীফ 91
91
জবুর
1যে ব্যক্তি সর্বশক্তিমানের অন্তরালে থাকে,
সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
2আমি মাবুদের বিষয়ে বলবো,
‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার আল্লাহ্, আমি তাঁতে নির্ভর করবো’।
3হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ থেকে,
ও সর্বনাশক মহামারী থেকে রক্ষা করবেন।
4তিনি তাঁর পালকে তোমাকে আবৃত করবেন,
তাঁর পাখার নিচে তুমি আশ্রয় পাবে;
তাঁর বিশ্বস্ততা হল ঢাল ও রক্ষাকারী প্রাচীরস্বরূপ।
5তুমি ভয় পাবে না— রাতের ত্রাস থেকে,
দিনে উড্ডীয়মান তীর থেকে,
6অন্ধকারে বিচরণকারী মহামারী থেকে,
মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি থেকে।
7পড়বে তোমার পাশে হাজার জন,
তোমার দক্ষিণে দশ হাজার জন,
কিন্তু সেটি তোমার কাছে আসবে না।
8তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করবে,
দুষ্টদের প্রতিফল দেখবে।
9‘হাঁ, মাবুদ, তুমিই আমার আশ্রয়’।
তুমি সর্বশক্তিমানকে তোমার বাসস্থান করেছ;
10তোমার কোন বিপদ ঘটবে না,
কোন উৎপাত তোমার তাঁবুর কাছে আসবে না।
11কারণ তিনি তাঁর ফেরেশতাদেরকে তোমার বিষয়ে হুকুম দেবেন,
যেন তাঁরা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।
12তাঁরা তোমাকে হাতে করে তুলে নেবেন,
যেন তোমার চরণে পাথরের আঘাত না লাগে।
13তুমি সিংহ ও সাপের উপর পা দেবে,
তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলবে।
14‘সে আমাতে আসক্ত, সেজন্য আমি তাকে বাঁচাব;
আমি তাকে উচ্চে স্থাপন করবো,
কারণ সে আমার নাম জ্ঞাত হয়েছে।
15সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব;
আমি সঙ্কটে তার সঙ্গে থাকব;
আমি তাকে উদ্ধার করবো, গৌরবান্বিতও করবো।
16আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করবো,
আমার নাজাত তাকে দেখাব।’
Currently Selected:
জবুর শরীফ 91: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013