জবুর শরীফ 90
90
চতুর্থ খণ্ড (জবুর 90-106)
জবুর
আল্লাহ্র লোক হযরত মূসার মুনাজাত।
1হে মালিক, তুমিই আমাদের বাসস্থান হয়ে আসছ,
পুরুষানুক্রমে হয়ে আসছ।
2পর্বতমালার জন্ম হবার আগে,
তুমি দুনিয়া ও জগৎকে জন্ম দেবার আগে,
এমন কি, অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই আল্লাহ্।
3তুমি মানুষকে ধূলিতে ফিরিয়ে থাক,
বলে থাক, বনি-আদমেরা, ফিরে যাও।
4কেননা হাজার বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল,
তা তো চলে গেছে, আর যেন রাতের এক প্রহর মাত্র।
5তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত;
খুব ভোরে তারা ঘাসের মত বেড়ে উঠে।
6খুব ভোরে ঘাস গজিয়ে উঠে ও বেড়ে উঠে,
সন্ধ্যাবেলা তা কেটে ফেলে ও তা শুকিয়ে যায়।
7কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই,
তোমার কোপে আমরা ভীষণ ভয় পাই।
8তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সাক্ষাতে,
আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার উপস্থিতির আলোতে।
9কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বয়ে যায়,
আমরা নিজ নিজ বছর নিশ্বাসের মত শেষ করি।
10আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর;
বলযুক্ত হলে আশী বছর হতে পারে;
তবুও তাতে থাকে কেবল কষ্ট ও দুঃখমাত্র,
কেননা তা বেগে পালিয়ে যায় এবং আমরা উড়ে যাই।
11তোমার ক্রোধের পরিণতি কে বোঝে?
যারা তোমাকে ভয় করে তাদের মত তোমার ভয়াবহতা কে বুঝতে পারে?
12এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও,
যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।
13হে মাবুদ, ফির, আর কত কাল?
এখন তোমার গোলামদের প্রতি সদয় হও।
14খুব ভোরে আমাদেরকে তোমার অটল মহব্বতে তৃপ্ত কর,
যেন আমরা সারা জীবন আনন্দ ও আহ্লাদ করি।
15যত দিন তুমি আমাদের দুঃখ দিয়েছ,
যত বছর আমরা বিপদ দেখেছি,
সেই অনুসারে আমাদের আনন্দিত কর।
16তোমার গোলামদের কাছে তোমার কাজ,
তাদের সন্তানদের উপরে তোমার মহিমা দৃষ্ট হোক।
17আর আমাদের আল্লাহ্ মাবুদের প্রসন্নভাব আমাদের উপরে বর্তুক;
আর তুমি আমাদের পক্ষে আমাদের হাতের কাজ স্থায়ী কর,
আমাদের হাতের কাজ তুমি স্থায়ী কর।
Currently Selected:
জবুর শরীফ 90: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013