জবুর শরীফ 89
89
জবুর
ইষ্রাহীয় এথনের মস্কীল।
1হে মাবুদ, আমি চিরকাল তোমার অটল মহব্বতের গান গাইব,
আমি নিজের মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরায় ব্যক্ত করবো।
2আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে,
তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।
3তুমি বলেছ, ‘আমি নিজের মনোনীত লোকের সঙ্গে নিয়ম করেছি,
নিজের গোলাম দাউদের কাছে এই শপথ করেছি;
4আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপিত করবো,
বংশ পরস্পরায় তোমার সিংহাসন গাঁথব।’ [সেলা।]
5হে মাবুদ, বেহেশত তোমার অলৌকিক কাজের,
পবিত্রগণের সমাজ তোমার বিশ্বস্ততারও প্রশংসা করবে।
6কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে?
বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?
7আল্লাহ্ পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী,
তাঁর চারদিকের সকলের উপরে ভয়াবহ।
8হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্!
হে মাবুদ, তোমার মত বিক্রমী কে?
আর তোমার বিশ্বস্ততা তোমার চারদিকে বিদ্যমান।
9তুমিই সাগর-গর্জনের উপরে কর্তৃত্ব করছো,
তার তরঙ্গমালা উঠলে তুমি তা শান্ত করে থাক।
10তুমিই রহবকে চূর্ণ করে হত ব্যক্তির সমান করেছ,
তুমি নিজের বলবান বাহু দ্বারা তোমার দুশমনদেরকে ছিন্নভিন্ন করেছ।
11আসমান তোমার, দুনিয়াও তোমার;
দুনিয়া ও তার সমস্ত বস্তু তোমারই হাতে স্থাপিত।
12তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করেছ;
তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।
13তোমার বাহু পরাক্রম-বিশিষ্ট,
তোমার হাত শক্তিমান, তোমার ডান হাত সুউচ্চ।
14ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল;
অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমার অগ্রগামী।
15সুখী সেই লোকেরা, যারা সেই আনন্দধ্বনি জানে,
হে মাবুদ, তারা তোমার উপস্থিতির আলোতে গমনাগমন করে।
16তারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে,
তারা তোমার ধর্মশীলতায় উন্নত হয়;
17যেহেতু তুমিই তাদের ক্ষমতার শোভা,
আর তোমার অনুগ্রহে আমাদের মাথা উন্নত হবে।
18কেননা আমাদের ঢাল মাবুদ,
আমাদের বাদশাহ্ ইসরাইলে পবিত্রতম।
19একবার তুমি নিজের বিশ্বস্ত এক জন গোলামকে দর্শন দিয়ে কথা বলেছিলে,
বলেছিলে, আমি সাহায্য করার ভার এক জন বীরের হাতে তুলে দিয়েছি,
আমি লোকদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করেছি।
20আমার গোলাম দাউদকেই পেয়েছি,
আমার পবিত্র তেলে তাকে অভিষিক্ত করেছি।
21আমার হাত তার দৃঢ় সহায় হবে,
আমার বাহু তাকে বলবান করবে।
22দুশমন তার প্রতি জুলুম করতে পারবে না,
নাফরমানীর সন্তান তাকে দুঃখ দিতে পারবে না।
23আমি তার দুশমনদেরকে তার সম্মুখে চূর্ণ করবো,
তার বিদ্বেষিদেরকে আঘাত করবো।
24কিন্তু আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সঙ্গে থাকবে,
আমার নামে তার মাথা উন্নত হবে।
25আর আমি স্থাপন করবো তার হাত সমুদ্রের উপরে,
তার ডান হাত নদ-নদীর উপরে।
26সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা,
আমার আল্লাহ্ ও আমার উদ্ধারের শৈল।
27আবার আমি তাকে প্রথমজাত করবো,
দুনিয়ার বাদশাহ্দের থেকে সর্বোচ্চ করে নিযুক্ত করবো।
28আমি তার পক্ষে আমার অটল মহব্বত চিরকাল রক্ষা করবো,
আমার নিয়ম তার পক্ষে স্থির থাকবে।
29আমি তার বংশকে নিত্যস্থায়ী করবো,
তার সিংহাসন আসমানের আয়ুর মত করবো।
30তার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে,
ও আমার অনুশাসন অনুসারে না চলে;
31যদি আমার সমস্ত বিধি লঙ্ঘন করে,
ও আমার সমস্ত হুকুম পালন না করে;
32তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাদের শাস্তি দেব,
অধর্মের জন্য নানা ভাবে আঘাত করবো;
33তবুও তা থেকে আমার অটল মহব্বত হরণ করবো না,
আমার বিশ্বস্ততায় মিথ্যা বলবো না।
34আমি আমার নিয়ম ব্যর্থ করবো না,
আমার মুখনির্গত কালাম অন্যথা করবো না।
35আমি আমার পবিত্রতায় একবার শপথ করেছি,
দাউদের কাছে কখনও মিথ্যা বলবো না।
36তার বংশ চিরকাল থাকবে,
তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের মত হবে।
37তা চাঁদের মত চিরকাল অটল থাকবে;
আকাশের বিশ্বস্ত সাক্ষীর মত থাকবে।
[সেলা।]
38কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করেছ,
তোমার অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হয়েছ।
39তুমি নিজের গোলামের নিয়ম ঘৃণা করেছ,
তাঁর মুকুট ভূমিতে ফেলে নাপাক করেছ।
40তুমি তাঁর সমস্ত বেড়া ভেঙ্গে ফেলেছ,
তাঁর সমস্ত দুর্গ ধ্বংস করেছ।
41পথিকেরা সকলে তাঁর দ্রব্য লুট করে;
তিনি প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছেন।
42তুমি তাঁর বিপক্ষদের ডান হাত উঁচু করেছ,
তাঁর সমস্ত দুশমনকে আনন্দিত করেছ।
43হ্যাঁ, তুমি তাঁর তলোয়ারের ধার অকার্যকর করেছ,
যুদ্ধে তাঁকে দাঁড়াতে দাও নি।
44তুমি তাঁকে তেজোহীন করেছ,
তাঁর সিংহাসন ভূমিতে নিক্ষেপ করেছ।
45তুমি তাঁর যৌবনকাল সংক্ষিপ্ত করেছ।
লজ্জায় তাঁকে আচ্ছন্ন করেছ।
[সেলা।]
46হে মাবুদ, কত কাল নিত্য লুকিয়ে থাকবে?
কত কাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?
47স্মরণ কর, আমি কেমন ক্ষণস্থায়ী;
তুমি মানুষকে কেমন অসারতার জন্য সৃষ্টি করেছ!
48কোন্ মানুষ জীবিত থাকবে, মৃত্যু দেখবে না,
কে পাতালের হাত থেকে নিজের প্রাণ মুক্ত করবে? [সেলা।]
49হে মালিক, তোমার সেই পূর্বকালীন অটল মহব্বত কোথায়?
তুমি তো তোমার বিশ্বস্ততায় দাউদের পক্ষে শপথ করেছিলে।
50হে মালিক, তোমার গোলামদের প্রতি কৃত তিরস্কার স্মরণ কর,
আমি বলবান জাতিগুলোর তিরস্কার নিজের বক্ষঃস্থলে বহন করি।
51হে মাবুদ, তোমার দুশমনেরা তিরস্কার করেছে,
তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করেছে।
52মাবুদ ধন্য হোন, চিরকালের জন্য!
আমিন, আমিন।
Currently Selected:
জবুর শরীফ 89: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013