জবুর শরীফ 88
88
জবুর
গজল। কারুন-সন্তানদের কাওয়ালী। প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মহলৎ-লিয়ান্নোৎ। ইষ্রাহীয় হেমনের মস্কীল।
1হে মাবুদ, আমার উদ্ধারের আল্লাহ্,
আমি দিনে ও রাতে তোমার সম্মুখে কান্নাকাটি করেছি।
2আমার মুনাজাত তোমার সাক্ষাতে উপস্থিত হোক;
আমার কাতরোক্তিতে কান দাও।
3কেননা আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ,
আমার জীবন পাতালের নিকটবর্তী।
4যারা কবরে নেমে যায় আমি তাদের সঙ্গে গণিত,
আমি শক্তিহীন মানুষের সমান হয়েছি।
5আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত,
আমি কবরে শায়িত নিহতদের মত,
যাদেরকে তুমি আর স্মরণ কর না;
তারা তোমার হাত থেকে বিচ্ছিন্ন রয়েছে।
6তুমি আমাকে নিম্নতম গর্তে রেখেছ,
অন্ধকারে ও গভীর স্থানে রেখেছ।
7আমার উপরে তোমার ক্রোধ চেপে আছে,
তুমি তোমার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করেছ। [সেলা।]
8তুমি আমার আত্মীয়দের আমা থেকে দূরে রেখেছ,
তাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার পাত্র করেছ;
আমি অবরুদ্ধ, বাইরে আসতে পারি না।
9আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে,
আমি প্রতিদিন তোমাকে ডেকেছি,
হে মাবুদ, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করেছি।
10তুমি কি মৃতদের পক্ষে আশ্চর্য কাজ করবে?
মৃতরা কি উঠে তোমার প্রশংসা গান করবে? [সেলা।]
11কবরের মধ্যে কি তোমার অটল মহব্বত,
বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হবে?
12অন্ধকারে কি তোমার অলৌকিক কাজ,
বিস্মৃতির দেশে কি তোমার ধর্মশীলতা জানা যাবে?
13কিন্তু, হে মাবুদ, আমি তোমার উদ্দেশে আর্তনাদ করেছি,
প্রাতে আমার মুনাজাত তোমার সম্মুখবর্তী হবে।
14হে মাবুদ, তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করছো?
আমা থেকে কেন তোমার মুখ আড়াল কর?
15বাল্যকাল থেকে আমি দুঃখী ও মৃতকল্প;
আমি তোমার ত্রাসের ভারে সঙ্কুচিত।
16তোমার ক্রোধের আগুন আমার উপর দিয়ে গেছে;
তোমার ত্রাস আমাকে উচ্ছেদ করেছে।
17তা সমস্ত দিন পানির মত আমাকে ঘিরে রেখেছে;
তা একসঙ্গে আমাকে বেষ্টন করেছে।
18তুমি প্রেমিক ও সুহৃৎকে আমা থেকে দূর করেছ;
অন্ধকারই আমার ঘনিষ্ট সঙ্গী।
Currently Selected:
জবুর শরীফ 88: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013