YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 83

83
জবুর
গজল। আসফের কাওয়ালী।
1হে আল্লাহ্‌, মৌন থেকো না;
হে আল্লাহ্‌, নীরব ও নিস্তব্ধ হয়ো না।
2কেননা, দেখ, তোমার দুশমনেরা গর্জন করছে,
তোমার বিদ্বেষীরা মাথা তুলেছে।
3তারা তোমার লোকদের বিরুদ্ধে চক্রান্ত করছে,
তোমার সুরক্ষিতদের বিরুদ্ধে পরসপর মন্ত্রণা করছে।
4তারা বলেছে, এসো, আমরা ওদেরকে উচ্ছিন্ন করি,
আর জাতি থাকতে না দিই,
যেন ইসরাইলের নাম আর স্মরণে না থাকে।
5কারণ তারা একচিত্তে মন্ত্রণা করেছে;
তারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।
6ইদোমের সমস্ত তাঁবু ও ইসমাইলীয়রা,
মোয়াবীয়রা ও হাজেরীয়রা,
7গবাল, অম্মোন ও আমালেক,
টায়ার-বাসীদের সঙ্গে ফিলিস্তিনীরা;
8আসিরিয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছে,
তারা লূত-সন্তানদের বাহু হয়েছে।
[সেলা।]
9এদের প্রতি তদ্রূপ কর,
যেরূপ মাদিয়ানের প্রতি করেছিলে,
কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করেছিলে;
10তারা ঐন্‌দোরে বিনষ্ট হল,
ভূমির উপরে সারস্বরূপ হল।
11তুমি এদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর,
এদের অধিপতি সকলকে সেবহ ও সল্‌মুন্নের সমান কর।
12এরা বলেছে, এসো,
আমরা নিজেদের জন্য আল্লাহ্‌র নিবাসগুলো অধিকার করে নেই।
13হে আমার আল্লাহ্‌, তুমি এদেরকে ঘূর্ণায়মান ধূলিকণার মত কর,
বায়ুর সম্মুখস্থ শুকনো ঘাসের মত কর।
14যেমন দাবানল বন দগ্ধ করে,
যেমন আগুনের শিখা পর্বতরাজি লেহন করে;
15তদ্রূপ তুমি এদেরকে তোমার ঝটিকায় তাড়না কর,
তোমার প্রচণ্ড ঝড় দিয়ে ভীষণ ভয় দেখাও।
16তুমি এদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর,
যাতে হে মাবুদ, এরা তোমার নামের খোঁজ করে।
17এরা চিরতরে লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক,
এরা হতাশ ও বিনষ্ট হোক;
18আর জানুক যে তুমি, যাঁর নাম মাবুদ,
একা তুমি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 83