জবুর শরীফ 45
45
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। কারুন-সন্তানদের। মস্কীল। প্রেম-গজল।
1আমার হৃদয়ে শুভকথা উথলে উঠছে;
আমি বাদশাহ্র বিষয়ে আমার রচনা বিবৃত করবো;
আমার জিহ্বা দক্ষ লেখকের লেখনীস্বরূপ।
2তুমি মানুষের চেয়ে পরম সুন্দর;
তোমার ওষ্ঠাধর থেকে রহমত ঝরে পড়ে;
এজন্য আল্লাহ্ চিরকালের জন্য তোমাকে দোয়া করেছেন।
3হে বীর, তোমার তলোয়ার কোমরে বাঁধ,
তোমার গৌরব ও মহিমা গ্রহণ কর।
4আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়ে যাও,
সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে,
তাতে তোমার ডান হাত তোমাকে ভয়াবহ কাজ শেখাবে।
5তোমার সমস্ত তীর ধারালো,
জাতিরা তোমার পদতলে পতিত হয়,
বাদশাহ্র দুশমনদের অন্তর বিদ্ধ হয়।
6হে আল্লাহ্, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী,
তোমার রাজদণ্ড সরলতার দণ্ড।
7তুমি ধার্মিকতাকে মহব্বত করে আসছ,
নাফরমানীকে ঘৃণা করে আসছ;
এই কারণ আল্লাহ্, তোমার আল্লাহ্,
তোমাকে অভিষিক্ত করেছেন,
তোমার সখাদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেলে।
8গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল কোর্তা সুবাসিত হয়,
হাতির দাঁতের প্রাসাদগুলো থেকে তারযুক্ত সমস্ত যন্ত্র তোমাকে আনন্দিত করেছে।
9তোমার মহিলারত্নদের মধ্যে শাহ্জাদীরা আছেন,
তোমার ডান দিকে দাঁড়িয়ে আছেন রাণী,
ওফীরের সোনা দিয়ে সেজে আছেন।
10বৎস, শোন, দেখ, কান দাও;
তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলে যাও।
11তাতে বাদশাহ্ তোমার সৌন্দর্য বাসনা করবেন;
কেননা তিনিই তোমার প্রভু, তুমি তাঁর কাছে সেজ্দা কর।
12টায়ার-কন্যা উপঢৌকন নিয়ে আসবেন,
ধনী লোকেরা তোমার কাছে ফরিয়াদ করবেন।
13শাহ্জাদী অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা;
তাঁর পোশাক সোনার সুতায় বোনা রয়েছে।
14তাঁকে সূচীশিল্পীত কোর্তা পরিয়ে বাদশাহ্র কাছে নিয়ে যাওয়া হবে,
তাঁর পিছনে থাকা সহচরী কুমারীদেরকে তোমার কাছে নেওয়া যাবে।
15তারা আনন্দে ও উল্লাসে আনীতা হবে,
তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।
16তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকবে;
তুমি তাদের সারা দুনিয়াতে শাসনকর্তা করবে।
17আমি তোমার নাম সমস্ত বংশ পরম্পরায় স্মরণ করাব,
এজন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার প্রশংসা করবে।
Currently Selected:
জবুর শরীফ 45: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013