YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 44

44
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। কারুন-সন্তানদের। মস্কীল।
1হে আল্লাহ্‌, আমরা স্বকর্ণে শুনেছি,
আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে বলেছেন,
তুমি পূর্বকালে তাঁদের সময়ে কাজ করেছিলে।
2তুমি তোমার হাতে জাতিদেরকে অধিকারচ্যুত করে
আমাদের পূর্বপুরুষদেরকেই রোপণ করেছিলে,
তুমি লোকবৃন্দকে চূর্ণ করে তাঁদেরকেই উন্নত করেছিলে।
3কেননা তাঁরা নিজেদের তলোয়ার দ্বারা দেশ অধিকার করেন নি,
তাঁদের নিজের বাহু তাঁদেরকে নিস্তার করে নি;
কিন্তু তোমার ডান হাত, তোমার বাহু ও তোমার মুখের প্রসন্নতা তা করেছিল,
কারণ তাঁদের প্রতি তোমার মহব্বত ছিল।
4হে আল্লাহ্‌, তুমিই আমার বাদশাহ্‌;
তুমি ইয়াকুবকে বিজয় দান করতে হুকুম দাও।
5তোমার দ্বারা আমরা আমাদের বিপক্ষদেরকে পরাস্ত করবো;
যারা আমার বিরুদ্ধে উঠে, তাদেরকে তোমার নামে পদতলে দলবো।
6যেহেতু আমি আমার ধনুকে নির্ভর করবো না,
আমার তলোয়ার আমাকে নিস্তার করবে না।
7কিন্তু তুমিই আমাদের দুশমনদের থেকে আমাদেরকে নিস্তার করেছ,
আমাদের বিদ্বেষিদেরকে লজ্জিত করেছ।
8আমরা সমস্ত দিন আল্লাহ্‌কে নিয়ে গর্ব করেছি,
আর চিরকাল তোমার নামের প্রশংসা-গজল করবো। [সেলা।]
9কিন্তু তুমি আমাদেরকে ত্যাগ করেছ, অপমানগ্রস্ত করেছ,
আমাদের বাহিনীদের সঙ্গে যাত্রা কর না।
10তুমি বিপক্ষ থেকে আমাদেরকে ফিরাচ্ছ;
আমাদের বিদ্বেষীরা আমাদের সর্বস্ব লুট করছে।
11তুমি আমাদের জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত তুলে দিয়েছ,
আমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করেছ।
12তুমি তোমার লোকদের বিনামূল্যে বিক্রি করছো,
তাদের জন্য কোন উঁচু মূল্য দাবী কর নি।
13তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কারের বিষয়,
আমাদের চারদিকের লোকদের কাছে উপহাস ও বিদ্রূপের পাত্র করেছে।
14তুমি জাতিদের মধ্যে আমাদের প্রবাদের বিষয় করেছ,
লোকবৃন্দের মধ্যে আমাদের অবজ্ঞার পাত্র করেছ।
15সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে,
আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করেছে,
16তিরস্কারকারী ও নিন্দাকারীর রবের দরুন,
দুশমন ও প্রতিহিংসাকারীর উপস্থিতির দরুণ।
17আমাদের প্রতি এসব ঘটেছে;
কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি,
তোমার নিয়মের বিষয়ে বেঈমানী করি নি;
18আমাদের অন্তর ফিরে যায় নি,
আমাদের পাদবিক্ষেপ তোমার পথ থেকে ভ্রষ্ট হয় নি।
19তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ,
ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।
20আমরা যদি আমাদের আল্লাহ্‌র নাম ভুলে গিয়ে থাকি,
যদি অন্য দেবতার প্রতি দু’হাত তুলে থাকি,
21তবে আল্লাহ্‌ কি তার সন্ধান পাবেন না?
তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সবই জানেন।
22হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি;
আমাদেরকে জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত মত করে।
23জাগ্রত হও, হে মালিক, কেন নিদ্রা যাও?
উঠ, চিরকালের জন্য ত্যাগ করো না।
24তুমি কেন তোমার মুখ আচ্ছাদন করছো?
আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলে যাচ্ছ?
25কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত,
আমাদের দেহ ভূমিতে লুটিয়ে পড়েছে।
26আমাদের সাহায্যের জন্য উঠ,
নিজের অটল মহব্বতের অনুরোধে আমাদের মুক্ত কর।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 44