জবুর শরীফ 102
102
জবুর
এক জন দুঃখীর মুনাজাত; যখন সে অবসন্ন হয়ে মাবুদের কাছে তার খেদের কথা ভেঙ্গে বলে, সেই সময়কার।
1হে মাবুদ, আমার মুনাজাত শোন,
আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক।
2সঙ্কটের দিনে আমা থেকে মুখ লুকাবে না,
আমার প্রতি কান দাও;
যেদিন আমি ডাকি, ত্বরায় আমাকে উত্তর দিও।
3কেননা আমার সমস্ত দিন ধোঁয়ার মত বিলীন হয়েছে,
আমার সমস্ত অস্থি জ্বলন্ত কাঠের মত পুড়ে গেছে;
4আমার হৃদয় আঘাত পেয়ে ঘাসের মত শুকিয়ে গেছে;
আমি আহার করতে ভুলে যাই।
5আমার জোরে জোরে কোঁকানোর দরুন
আমার অস্থিগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে।
6আমি মরুভূমিস্থ মরু-পেঁচার মত হয়েছি,
উৎসন্ন স্থানের ক্ষুদ্র পেঁচার সমান হয়েছি।
7আমি সজাগ থাকি এবং এমন হয়েছি,
যেন ছাদের উপরে চটক পাখি একাকী রয়েছে।
8শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে,
যারা আমার বিরুদ্ধে ক্রোধোন্মত্ত,
তারা আমার নাম নিয়ে বদদোয়া দেয়।
9বস্তুত আমি খাবারের মত ভস্ম খেয়েছি,
আমার পানীয় দ্রব্যের সঙ্গে নেত্রজল মিশিয়েছি।
10এর কারণ তোমার ক্রোধ ও তোমার রোষ;
কেননা তুমি আমাকে তুলে আছাড় মেরেছ।
11আমার দিন হেলে পড়া ছায়ার মত,
আমি ঘাসের মত শুকিয়ে যাচ্ছি।
12কিন্তু, হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন থাকবে,
তোমার নাম পুরুষানুক্রমে স্থায়ী।
13তুমি উঠবে, সিয়োনের প্রতি করুণা করবে;
কারণ এখন তার প্রতি কৃপা করার সময়,
কেননা নির্ধারিত কাল উপস্থিত হল।
14যেহেতু তোমার গোলামেরা এর প্রস্তরে প্রীত,
এর ধূলিকণার প্রতি কৃপা করছে।
15এতে জাতিরা মাবুদের নাম ভয় করবে,
দুনিয়ার সমস্ত বাদশাহ্ তোমার প্রতাপ দেখে ভয় পাবে।
16কেননা মাবুদ সিয়োনকে গেঁথেছেন,
তিনি নিজের মহিমায় দর্শন দিয়েছেন;
17তিনি দীনহীনদের মুনাজাতমুখী করেছেন,
তাদের মুনাজাত তুচ্ছ করেন নি।
18একথা ভাবী বংশের জন্য লেখা থাকবে;
যাতে যে জাতি সৃষ্ট হবে, তারা মাবুদের প্রশংসা করতে পারে।
19কেননা তিনি তাঁর উঁচু পবিত্র স্থান থেকে অবলোকন করলেন;
মাবুদ বেহেশত থেকে দুনিয়াতে দৃষ্টিপাত করলেন;
20বন্দীর হাহাকার শুনবার জন্য,
মৃত্যুর সন্তানদেরকে মুক্ত করার জন্য;
21যেন প্রচারিত হয় সিয়োনে মাবুদের নাম,
ও জেরুশালেমে তাঁর প্রশংসা।
22যখন বিভিন্ন জাতি একত্র হবে,
ও সমস্ত রাজ্য একত্র হবে মাবুদের এবাদত করার জন্য।
23তিনি আমার জীবনকালে আমার বল হ্রাস করেছেন,
তিনি আমার আয়ু সংক্ষেপ করেছেন।
24আমি বললাম, হে আমার আল্লাহ্,
আয়ুর মধ্যভাগে আমাকে তুলে নিও না;
তোমার সমস্ত বছর পুরুষানুক্রমে স্থায়ী।
25তুমি পুরাকালে দুনিয়ার মূল স্থাপন করেছ,
আসমানও তোমার হাতের রচনা।
26সেগুলো বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থির থাকবে;
সে সমস্ত কাপড়ের মত নষ্ট হয়ে যাবে,
তুমি পরিচ্ছদের মতোই তাদের খুলে ফেলবে,
ও তাদের পরিবর্তন হবে।
27কিন্তু তুমি যে আছ সেই আছ,
তোমার সমস্ত বছর কখনও শেষ হবে না।
28তোমার গোলামদের সন্তানেরা বসতি করবে,
তাদের বংশ তোমার সাক্ষাতে অটল হবে।
Currently Selected:
জবুর শরীফ 102: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013