YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 103

103
জবুর
হযরত দাউদের।
1হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর;
হে আমার অন্তরস্থ সকল, তাঁর পবিত্র নামের শুকরিয়া আদায় কর।
2হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর,
তাঁর সকল উপকার ভুলে যেও না।
3তিনি তোমার সমস্ত অধর্ম মাফ করেন,
তোমার সমস্ত রোগের প্রতিকার করেন।
4তিনি কূপ থেকে তোমার জীবন মুক্ত করেন,
অটল মহব্বত ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন।
5তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন,
ঈগল পাখির মত তোমার নতুন যৌবন হয়।
6মাবুদ ধর্মকার্য সাধন করেন,
নির্যাতিত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন।
7তিনি জানালেন মূসাকে তাঁর পথ,
বনি-ইসরাইলকে তাঁর কর্মগুলো।
8মাবুদ স্নেহশীল ও কৃপাময়,
ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান।
9তিনি নিত্য অনুযোগ করবেন না,
চিরকাল ক্রোধ রাখবেন না।
10তিনি আমাদের প্রতি আমাদের গুনাহ্‌ অনুযায়ী ব্যবহার করেন নি,
আমাদের অধর্মানুযায়ী প্রতিফল আমাদের দেন নি।
11কারণ দুনিয়ার উপরে আসমান যত উঁচু,
যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,
তাদের উপরে তাঁর অটল মহব্বত তত মহৎ।
12পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূরবর্তী,
তিনি আমাদের থেকে আমাদের অপরাধগুলো তেমনি দূরবর্তী করেছেন।
13পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন,
যারা মাবুদকে ভয় করে, তাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।
14কারণ তিনিই আমাদের গঠন জানেন;
আমরা যে ধূলিমাত্র, তা তাঁর স্মরণে আছে।
15মানুষের আয়ু ঘাসের আয়ুর মতই;
যেমন মাঠের ফুল, তেমনি সে প্রফুল্ল হয়।
16তার উপর দিয়ে বায়ু প্রবাহিত হলেই তার অস্তিত্ব থাকে না,
তার স্থানও তাকে আর চিনবে না।
17কিন্তু মাবুদের অটল মহব্বত,
যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,
তাদের উপরে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত থাকে;
এবং তাঁর ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্ষিত হয়,
18তাদের প্রতি, যারা তাঁর নিয়ম রক্ষা করে,
ও তাঁর সমস্ত বিধি পালনার্থে স্মরণ করে।
19মাবুদ বেহেশতে তাঁর সিংহাসন স্থাপন করেছেন,
তাঁর রাজ্য কর্তৃত্ব করে সমস্ত কিছুর উপরে।
20মাবুদের ফেরেশতারা! তাঁর শুকরিয়া আদায় কর,
তোমরা শক্তিতে বীরতুল্য, তাঁর বাক্য-সাধক,
তাঁর কালামের স্বর শ্রবণে নিবিষ্ট।
21মাবুদের সমস্ত বাহিনী! তাঁর শুকরিয়া আদায় কর,
তোমরা তাঁর পরিচারক, তাঁর ইচ্ছা পালনকারী।
22মাবুদের সমস্ত নির্মিত বস্তু! তাঁর শুকরিয়া আদায় কর,
তাঁর অধিকারের সমস্ত স্থানে।
হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in