YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 97

97
প্রভু পরমেশ্বর মহান শাসনকর্তা
1রাজরাজেশ্বর প্রভু পরমেশ্বরের রাজত্ব সুপ্রতিষ্ঠিত,
উল্লাস করুক পৃথিবী, আনন্দিত হোক সুদূর উপকূলবাসী।
2মেঘজাল ও ঘনতমসায় বেষ্টিত তাঁর চতুর্দিক,
ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।
3তাঁর অগ্রবর্তী অগ্নিশিখা
চারিদিকে তাঁর বিপক্ষদের করে দগ্ধ।
4তাঁর তড়িতপ্রভায় আলোকিত হয় জগত,
এই দৃশ্য দেখে পৃথিবী হয় কম্পিত।
5প্রভুর সম্মুখে, সমগ্র পৃথিবীর অধিপতির সম্মুখে
মোমের মত বিগলিত হয় পর্বতরাজি।
6আকাশমণ্ডল ঘোষণা করে তাঁর ন্যায়নিষ্ঠতা,
সমস্ত জাতি নিরীক্ষণ করে তাঁর মহিমা।
7প্রতিমা-উপাসক, যারা অসার প্রতিমার গর্ব করে তারা সকলেই হবে লজ্জিত,
কারণ সমস্ত দেবতা তাঁর সম্মুখে করে প্রণিপাত।
8হে প্রভু পরমেশ্বর, তোমার বিচারের বাণী শুনে
সিয়োন হয় আনন্দিত যিহুদাকুলের কন্যারা করে উল্লাস।
9কেননা হে প্রভু পরমেশ্বর এ পৃথিবীতে তুমিই সবার উপরে
তুমিই মহীয়ান সকল দেবতার চেয়ে।
10প্রভু পরমেশ্বর তাদেরই ভালবাসেন যারা মন্দকে ঘৃণা করে।#97:10 হিব্রু: যারা প্রভুকে ভালবাসে তারা মন্দকে ঘৃণা করে।
তিনি তাঁর ভক্তদের জীবন রক্ষা করেন,
দুর্বৃত্তদের কবল থেকে তাদের করেন উদ্ধার।
11ধার্মিকদের জন্য হয় আলোকের উদয়,
ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের, আনন্দে পূর্ণ হয় তাদের জীবন।
12হে ধার্মিকবৃন্দ, প্রভুতে আনন্দ কর,
প্রশস্তি কর তাঁর পবিত্র নামের।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in