YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 94

94
ন্যায় বিচারক ঈশ্বর
1হে প্রভু, ঈশ্বর তুমি,
প্রকাশ কর তোমার রোষ।
2সমুত্থিত হও, হে পৃথিবীর বিচারপতি,
অহঙ্কারীদের অপকর্মের সমুচিত দণ্ড দাও।
3দুষ্টেরা আর কতকাল উল্লাস করবে?
আর কতকাল হে প্রভু পরমেশ্বর?
4দুরাচারীরা আর কতকাল দম্ভ করবে?
আর কতকাল তাদের মুখ থেকে নির্গত হবে উদ্ধত বাক্যরাশি?
5হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজাদের চূর্ণ করছে তারা,
তোমার আপনজনদের করছে দমন পীড়ন।
6বিধবা ও প্রবাসীদের বধ করছে তারা,
অনাথ শিশুদের করছে হত্যা।
7তারা বলছে, প্রভু পরমেশ্বর আমাদের দিকে দৃষ্টি দেন না,
বিবেচনা করেন না আমাদের কথা।
8বোঝবার চেষ্টা কর হে মূর্খের দল,
কবে তোমাদের বোধোদয় হবে?
9যিনি কর্ণ সৃষ্টি করেছেন, তিনি কি পান না শুনতে?
যিনি গঠন করেছেন চক্ষু, দেখতে কি পান না তিনি?
10যিনি জাতিসমূহের শাসনকর্তা তিনি কি দণ্ড দেন না?
তিনি মানুষকে করেন জ্ঞান দান, তিনি কি হতে পারেন জ্ঞানহীন?
11প্রভু মানুষের ভাবনা চিন্তা সবই জানেন,
তিনি জানেন এ সবই ক্ষণস্থায়ী।#১ করি 3:20
12হে প্রভু পরমেশ্বর, ধন্য সেই ব্যক্তি যাকে তুমি শাসন কর,
যাকে শিখাও তোমার বিধান।
13যতদিন না খনন করা হয় গহ্বর দুর্জনদের জন্য
ততদিন তুমি তাকে রক্ষা করে থাক সকল সঙ্কট থেকে
14প্রভু পরমেশ্বর বর্জন করবেন না তাঁর প্রজাবৃন্দকে।
তাদের করবেন না পরিত্যাগ যাদের উপর তাঁর একান্ত অধিকার।
15ধর্মের পক্ষে পুনঃপ্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার,
চিত্ত যাদের ন্যায়নিষ্ঠ, তারা সকলেই হবে ধর্মের অনুগামী।
16দুর্জনদের বিরুদ্ধে কে আমার পক্ষ অবলম্বন করে?
কে-ই বা আমার পক্ষ হয়ে অধর্মাচারীদের বিরুদ্ধে দাঁড়ায়?
17যদি প্রভু পরমেশ্বর আমার সহায় না হতেন
তাহলে অচিরেই স্তব্ধতার দেশে হত আমার বসতি।
18যখন আমার মনে হয়, এই বুঝি পদস্খলন হল,
তখন দেখি হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম আমায় ধারণ করে আছে।
19দুর্ভাবনা যখন আমায় ব্যাকুল করে,
তখন তোমারই সান্ত্বনায় আমি উৎফুল্ল হয়ে উঠি।
20দুর্জন শাসকেরা, যারা উৎপীড়নের জন্য বিধান রচনা করে, তারা কি হতে পারে মিত্র তোমার?
21ওরা ধার্মিকের জীবন নাশের জন্য দলবদ্ধ হয়,
নির্দোষকে দেয় মৃত্যুদণ্ড।
22কিন্তু প্রভু পরমেশ্বর আমার দুর্গস্বরূপ,
আমার আরাধ্য ঈশ্বর আমার আশ্রয়গিরি।
23তিনি ওদের অধর্মের প্রতিফল দেবেন,
উচ্ছিন্ন করবেন ওদের দুষ্টতার জন্য,
প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর, সমূলে ধ্বংস করবেন ওদের।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 94