গীতসংহিতা 91
91
ঈশ্বর আমাদের পরিত্রাণ
1গীতিকার: পরাৎপরের আশ্রয়ে যে বাস করে,
সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি,
2সে প্রভু পরমেশ্বরকে বলে:
তুমিই আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার ঈশ্বর, যাঁর উপর আমি করি নির্ভর।
3তিনিই তোমাকে রক্ষা করবেন ব্যাধের ফাঁদ থেকে,
রক্ষা করবেন তোমাকে ভয়ঙ্কর মহামারী থেকে।
4তিনি নিজ পক্ষছায়ায় তোমাকে আবৃত করবেন,
তাঁর পক্ষের নীচে তুমি পাবে আশ্রয়,
তাঁর সত্য তোমার ঢাল ও চর্মফলক স্বরূপ।
5তুমি ভীত হবে না রাত্রির বিভীষিকায়,
কিম্বা দিবালোকে নিক্ষিপ্ত তীরে।
6তিমির বিহারী মারী
কিম্বা মধ্যাহ্নের সর্বগ্রাসী মহামারীর মাঝেও ভীত হবে না তুমি।
7তোমার পাশে নিপাতিত হবে সহস্র জন,
নিপাতিত হবে দশ সহস্র জন তোমার চতুর্দিকে,
কিন্তু কোন বিপদ স্পর্শ করবে না তোমাকে, কোন ক্ষতি হবে না তোমার।
8তুমি শুধু চোখ মেলে দেখবে,
প্রত্যক্ষ করবে দুর্জনদের প্রতিবিধান।
9হে প্রভু পরমেশ্বর তুমিই আমার আশ্রয়।
যেহেতু তুমি পরাৎপরের নিয়েছ শরণ,
10তাই কোন বিপদ ঘটবে না তোমার,
কোন উপদ্রব আসবে না তোমার শিবিরে।
11তিনি তাঁর দূতবাহিনীকে তোমার বিষয়ে নির্দেশ দেবেন,
তাঁরা তোমাকে রক্ষা করবেন সর্বতোভাবে।#মথি 4:6; লুক 4:10
12তাঁরা দুহাতে তোমাকে তুলে নেবেন
পাথরের আঘাত লাগবে না তোমার চরণে।#মথি 4:6; লুক 4:11
13সিংহ ও বিষধর সর্পের উপর দিয়ে তুমি গমন করবে,
তরুণ কেশরী ও ভুজঙ্গকে তুমি পদতলে করবে দলিত।#লুক 10:19
14সে আমার প্রতি আসক্ত, তাই আমি তাকে উদ্ধার করব।
নিরাপদে রাখব তাকে কারণ সে জানে আমার পরিচয়।
15সে আমাকে ডাকলে আমি সাড়া দেব,
সঙ্কটে আমি থাকব সাথে,
আমি তাকে উদ্ধার করব, করব গৌরবান্বিত।
16আমি পরিতৃপ্ত করব তাকে দীর্ঘায়ু দিয়ে,
দেখাব তাকে আমার পরিত্রাণ।
Currently Selected:
গীতসংহিতা 91: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.