গীতসংহিতা 90
90
চতুর্থ খণ্ড
(গীত 90—106)
ঈশ্বর মনোনীত ব্যক্তি মোশির স্তোত্র।
1হে প্রভু পরমেশ্বর, বংশানুক্রমে তুমিই আমাদের আশ্রয়।
2তোমার এ বিশ্বজগত সৃজনের আগে,
পর্বত সমূহেরও সৃষ্টির আগে,
অনাদিকাল থেকে আনন্তকাল অবধি তুমিই ঈশ্বর।
3তুমিই মানুষকে পুনরায় ধূলায় পরিণত কর,
তাদের তুমি বল: হে মানকুল, তোমরা আবার ধূলায় ফিরে যাও।
4তোমার দৃষ্টিতে অতিক্রান্ত সহস্র বর্ষ যেন বিগত একটি দিন,
যেন রাত্রির এক প্রহর মাত্র।#২ পিতর 3:8
5তুমি বন্যার মত ভাসিয়ে নিয়ে যাও আমাদের,
স্বপ্নের মতই ক্ষণস্থায়ী আমাদের জীবন।
এ জীবন যেন প্রভাতের নবীন তৃণ,
6যে তৃণ বেড়ে ওঠে, ফুল ফোটায়,
তারপর শুকিয়ে যায়, ঝরে যায় সন্ধ্যায়।
7তোমার ক্রোধ আমাদের নিঃশেষে গ্রাস করে,
তোমার রোষে আমরা হই বিহ্বল।
8তুমি আমাদের সমস্ত অপরাধ মেলে রেখেছ তোমার সম্মুখে।
আমাদের সমস্ত গুপ্ত পাপ উদ্ঘাটিত তোমার শ্রীমুখের জ্যোতিতে।
9তোমার ক্রোধের মাঝে কেটে যায় আমাদের দিন
নিঃশ্বাসের মতই নিঃশেষিত হয় আমাদের আয়ু।
10আমাদের আয়ু সত্তর বৎসর মাত্র,
সবল হলে আশী বৎসরও হতে পারে,
কিন্তু সারা জীবন জুড়ে শুধু দুঃখ আর কষ্ট।
বড় দ্রুত কেটে যায় বছরগুলি, আমরাও হয়ে যাই নিঃশেষ।
11তোমার ক্রোধের বিক্রম কে বুঝতে পারে?
কে হৃদয়ঙ্গম করতে পারে তোমার রোষের ভয়াবহতা?
12তাই আমাদের আয়ুর স্বল্পতা স্মরণে রাখতে আমাদের শিক্ষা দাও
যেন পূর্ণ হয় আমাদের চিত্ত তোমার প্রজ্ঞায়।
13হে প্রভু পরমেশ্বর, আর কতকাল জ্বলবে তোমায় রোষানল?
সদয় হও তোমার সেবকদের প্রতি।
14তোমার অবিচল প্রেমে আমাদের পূর্ণ কর প্রতি প্রত্যুষে,
যেন আনন্দে মুখর হই সারাটি জীবন মুখরিত হই তোমারই বন্দনাগানে।
15যতদিন তুমি আমাদের কষ্ট দিয়েছ,
যতদিন আমরা ভোগ করেছি দুর্দশা ততদিন আমাদের উপভোগ করতে দাও আনন্দ।
16তোমার সেবকদের কাছে প্রকাশ কর তোমার মহান কর্ম আমাদের
সন্তানদের কাছে ব্যক্ত হোক তোমার অপার মহিমা।
17আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রসন্নতা বিরাজ করুক আমাদের উপর।
তুমি সফলতা দাও আমাদের সকল কাজে, সার্থক কর আমাদের সকল প্রয়াস।
Currently Selected:
গীতসংহিতা 90: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.