গীতসংহিতা 89
89
জাতীয় সঙ্কটে ইসরায়েলের কাতর আবেদন
এষ্রা নিবাসী এথান রচিত গীত#১ রাজা 4:31
গীতি কবিতা
1হে প্রভু পরমেশ্বর, আমি চিরকাল গাইব তোমার অবিচল প্রেমের মহিমা,
আমি যুগে যুগে ঘোষণা করব ন্যায় ও সত্যের কথা।
2তোমার করুণা অনন্তকাল স্থায়ী
চিরস্থায়ী আকাশের মত বিশ্বস্ততা তোমার।
3তুমি বলেছ, আমি আমার মনোনীতজনের সঙ্গে আবদ্ধ হয়েছি সন্ধির বন্ধনে,
আমি আপন সেবক দাউদের কাছে করেছি শপথ।
4তোমার বংশকে আমি করব চিরস্থায়ী
বংশপরম্পরায় প্রতিষ্ঠিত করব তোমার সিংহাসন।#২ শমু 7:12-16; ১ বংশা 17:11-14; গীত 132:11; প্রেরিত 2:30
5হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল তোমার অলৌকিক কীর্তির প্রশস্তি করুক,
পুণ্যাত্মাদের সমাবেশ মুখরিত হোক তোমার বিশ্বস্ততার প্রশংসাগানে।
6হে প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে দিব্যলোকবাসীদের মাঝে
কে আছে তোমার তুল্য?
7ঈশ্বর পুণ্যবানদের সমাজে ভয় ও ভক্তির পাত্র
তারা সকলে জানায় তোমায় শ্রদ্ধা ও সম্মান।
8হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার তুল্য পরাক্রমী আর কে আছে,
তোমার ন্যায় ও সত্য শোভিত তোমায় ঘিরে।
9সমুদ্রের গর্জনকে তুমিই শাসন করে থাক, তুমিই কর প্রশমিত তার উত্তাল তরঙ্গমালা।
10তুমিই সমুদ্রদানব রাহাবকে চূর্ণবিচূর্ণ করেছ, ধ্বংস করেছ তাকে, ছিন্নভিন্ন করেছ শত্রুদেরমহাপরাক্রান্ত বাহুবলে।
11আকাশমণ্ডল তোমার, এ পৃথিবীও তোমার, এ জগত ও তার মাঝে যা কিছু আছে, সব তোমারই রচনা।
12পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্ত তোমারই নামে করে জয়ধ্বনি।
13পরাক্রান্ত তোমার বাহু, অমিত শক্তিধর সমুন্নত তোমার দক্ষিণ হস্ত।
14ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তি অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রকাশমান তোমার সকল কর্মে।
15ধন্য সেই প্রজাবৃন্দ, যারা মুখর তোমার প্রশংসা গানে, হে প্রভু পরমেশ্বর, তোমার শ্রীমুখের দীপ্তি তাদের রয়েছে ঘিরে।
16সারাদিন তারা আনন্দ করে তোমার নামে, তোমারই পুণ্যের আশ্রয়ে তারা হয় উন্নত।
17তুমিই তাদের শক্তি, তোমাতেই তাদের গৌরব, তোমার অনুগ্রহেই তারা উন্নত শির।
18হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের ঢাল ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর তুমি, তুমি আমাদের রাজা।
দাউদের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি
19একদা তুমি দিব্যদর্শনে তোমার ভক্তকে বলেছিলে: তোমাদের সহায়তার জন্য এক বীরপুরুষকে আমি ভূষিত করেছি রাজমুকুটে, আমার প্রজাদের মধ্যে থেকে করেছি উন্নত এক তরুণকে।
20আমি মনোনীত করেছি আমার সেবক দাউদকে, পবিত্র তৈলে তাকে আমি করেছি অভিষিক্ত।#১ শমু 13:14; প্রেরিত 13:22; ১ শমু 16:12
21আমার বাহু হবে তার সুদৃঢ় সহায়, আমার শক্তিতে সে হবে বলবান।
22প্রতারিত হবে না সে শত্রুর ছলনায়, দুষ্টের কাছে হবে না সে অবনত।
23আমি তারই সম্মুখে চূর্ণ করব তার বিপক্ষদের, যারা তাকে বিদ্বেষ করে তাদের করব নির্মম আঘাত।
24আমার অবিচল প্রেম ও অপার করুণা হবে তার চিরসাথী, আমার নামের মহিমায় উন্নত হবে তার শির।
25আমি প্রতিষ্ঠা করব তার কর্তৃত্ব সমুদ্রের উপর, নদীসমূহের উপর বিস্তারিত হবে তার আধিপত্য।
26আমাকে উদ্দেশ করে সে বলবে, তুমিই আমার পিতা, আমার ঈশ্বর, আমার ত্রাণশৈল।
27আমিও তাকে দান করব আমার জ্যেষ্ঠ সন্তানের মর্যাদা ও অধিকার, পৃথিবীর রাজাদের মধ্যে আমি তাকে করব সর্বাপেক্ষা উন্নত।#প্রকা 1:5
28আমার অবিচল প্রেম তার জন্য চিরকাল থাকবে সংরক্ষিত তার সঙ্গে আমার সন্ধিচুক্তি চিরস্থায়ী।
29আমি তার বংশকে করব চিরস্থায়ী, আকাশমণ্ডল যতদিন থাকবে ততদিন স্থায়ী হবে তার সিংহাসন।
30তার সন্তানেরা যদি বর্জন করে আমার বিধান, আমার অনুশাসন অনুযায়ী যদি না চলে,
31যদি লঙ্ঘন করে আমার শাসন বিধি, এবং নির্দেশ পালন না করে,
32তবে তাদের অপরাধের জন্য দণ্ডের প্রহারে জর্জরিত করব, অধর্মাচরণের জন্য তাদের করব কশাঘাত।
33কিন্তু দাউদের প্রতি আমার অবিচল প্রেমআমি করব না অপসারণ কিম্বা ভঙ্গ করব না আমার প্রতিশ্রুতি।
34তার সঙ্গে স্থাপিত আমার সন্ধিচুক্তি থেকে আমি হব না বিচ্যুত, কিম্বা আমার অঙ্গীকারের হবে না অন্যথা।
35আমি আমার পবিত্রতায় দাউদের কাছে একবারই শপথ করেছি, এ শপথ চিরকালের, কখনও হবে না তার ব্যতিক্রম।
36তার বংশ হবে চিরস্থায়ী, সূর্যের মত স্থিতিশীল করব তার সিংহাসন।
37চন্দ্রের মত এই সিংহাসন হবেচিরতরে প্রতিষ্ঠিত, আর আকাশের বুকে প্রতিষ্ঠিত এই সাক্ষীহবে বিশ্বাসযোগ্য। সেলা
রাজার পরাজয়ে বিলাপ
38কিন্তু তুমি আজ তোমারঅভিষিক্তের প্রতি ক্রুদ্ধ,
তুমি পরিত্যাগ করেছ তাকে, করেছ অবজ্ঞা।
39তুমি তোমার দাসের সঙ্গে স্থাপিত সন্ধিচুক্তি করেছ অস্বীকার,
তার মুকুট ভূলণ্ঠিত করে করেছ মলিন।
40তার নগর প্রাকার তুমি ভগ্ন করেছ,
বিধ্বস্ত করেছ তার দুর্গসমূহ।
41পথচারীরা সকলেই লুণ্ঠন করে তাকে,
প্রতিবেশীদের কাছে সে হয়েছে হাস্যাস্পদ।
42তুমি শক্তিবৃদ্ধি করেছ তার বিপক্ষদের,
তার শত্রুদের তুমি করেছ উৎফুল্ল।
43তুমি ব্যর্থ করেছ তার তরবারির আঘাত,
সংগ্রামে তাকে রাখনি অটল।
44তুমি তার রাজদণ্ড কেড়ে নিয়েছ
নিক্ষেপ করেছ তার সিংহাসন ভূমিতলে।
45তুমি অকালে তার বার্ধক্য এনে দিয়েছ,
জর্জরিত করেছ তাকে লজ্জায়, অপমানে। সেলা
মুক্তিলাভের জন্য প্রার্থনা
46হে প্রভু পরমেশ্বর আর কত কাল তুমি নিজেকে রাখবে প্রচ্ছন্ন?
কত কাল আর জ্বলবে তোমার রোষানল?
47স্মরণ কর, কত ক্ষণস্থায়ী আমার এ জীবন,
কত অসার তোমার সৃষ্ট এই মানবকুল।
48কে আছে এমন জন মৃত্যুদর্শন না করে যে জীবিত থাকতে পারে?
কে পারের মৃত্যুলোক থেকে নিজেকে উদ্ধার করতে? সেলা
49হে প্রভু পরমেশ্বর, কোথায় তোমার অতীতের সেই অবিচল প্রেম?
আপন সত্যনিষ্ঠায় যার প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে দাউদকে?
50স্মরণ কর তোমার সেবকের অবমাননা হে প্রভু পরমেশ্বর,
অন্তরে আমি বহন করে চলেছি জাতিবৃন্দের অবমাননার দুর্বিষহ ভার।
51তোমার শত্রুরা অভিষিক্ত রাজাকে বিদ্রূপ করে হে প্রভু পরমেশ্বর।
উপহাস করে তাকে প্রতি পদক্ষেপে।
52চিরধন্য তুমি হে প্রভু পরমেশ্বর! আমেন, আমেন।
Currently Selected:
গীতসংহিতা 89: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.