গীতসংহিতা 9
9
ঈশ্বরের ন্যায়বিচারের জন্য কৃতজ্ঞতা নিবেদন
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের জন্য:সুর: যৎ নাঝেন।
1হে প্রভু পরমেশ্বর, সারাটি অন্তর দিয়ে আমি করব তোমার স্তবগান।
তোমার পরমাশ্চর্য কীর্তিগাথা বর্ণনা করব আমি।
2তোমাতেই আমার পরম আনন্দ তোমাতেই উল্লাস আমার।
হে পরাৎপর, আমি গাইব তোমার জয়গান।
3আমার শত্রুরা পলায়মান,
ধরাশায়ী, বিধ্বস্ত তোমার আবির্ভাবে।
4আমার বিবাদ নিষ্পন্ন করে তুমি করেছ ন্যায়বিচার,
মহান বিচারক তুমি, সমাসীন ন্যায়ের সিংহাসনে।
5জাতিবৃন্দকে তুমি করেছ দণ্ডদান, দুর্জনদের করেছ সংহার,
তাদের নাম তুমি চিরতরে করেছ অবলুপ্ত।
6শত্রুরা ধ্বংসের বিবরে বিলীন,
ধ্বংস করেছ তুমি তাদের সমস্ত জনপদ
চলে গেছে তারা বিস্মৃতির অতলে।
7কিন্তু প্রভু পরমেশ্বর থাকবেন চিরকাল সমাসীন তাঁর সিংহাসনে,
ন্যায়বিচারের জন্যই স্থাপন করেছেন তিনি তাঁর এ সিংহাসন।
8ন্যায়ের বিধানেই শাসন করেন তিনি এ বিশ্বজগত,
সমদর্শিতায় সর্বজাতির করেন বিচার।
9দলিত জনের আশ্রয়দুর্গ প্রভু পরমেশ্বর,
সঙ্কটে তিনি তার নিরাপদ আশ্রয়।
10যারা তোমায় জানে, জানে তোমার পরিচয়, তুমি তাদের একমাত্র ভরসা।
হে প্রভু পরমেশ্বর, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি করো না পরিত্যাগ।
11সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বরের স্তুতি গান কর তোমরা।
সকল জাতির কাছে কর ঘোষণা তাঁর সুমহান কীর্তিকাহিনী।
12যিনি রক্তপাতের প্রতিফলদাতা নিহতদের কথা তিনি স্মরণে রাখেন,
বিস্মৃত হন না উৎপীড়িতের আর্তক্রন্দন।
13হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ, শত্রুর হাতে
কী দারুণ লাঞ্ছনা আমার,
উদ্ধার কর আমায় হে প্রভু পরমেশ্বর মৃত্যুর কবল থেকে,
14যেন আমি সিয়োন কন্যার#9:14 হিব্রু: সিয়োন কন্যা: হিব্রু ভাষায় জেরুশালেম নগরীর কাব্যিক নাম। তোরণে তোরণে
গাইতে পারি তোমারই স্তুতিগান
যেন পরমানন্দে গাইতে পারি
তোমার এই কীর্তিগাথা –তুমি আমায় করেছ পরিত্রাণ।
15বহু জাতি ডুবেছে স্বখাত-সলিলে,
নিজেরই পাতা গোপন ফাঁদে পড়েছে ধরা।
16ন্যায়বিচার সম্পন্ন করে প্রভু পরমেশ্বর দিয়েছেন আপন পরিচয়,
আপন কর্মের ফাঁদে দুর্জন পড়েছে ধরা। হিগ্গায়োন সেলা
17রসাতলে যাবে দুর্জন,
ঈশ্বরকে ভুলেছে যে জাতি তারও হবে এই দুর্গতি।
18অভাজন উপেক্ষিত হয়ে থাকবে না চিরকাল,
ব্যর্থ হবে না আর দুঃখীর প্রত্যাশা।
19হে প্রভু পরমেশ্বর, দেখাও তোমার পরাক্রম,
বিচার কর জাতিবৃন্দের,
খর্ব কর তাদের ঔদ্ধত্য।
20হে প্রভু পরমেশ্বর, সন্ত্রস্ত হোক সকল জাতি,
তারা নগণ্য মানুষ মাত্র, –জানুক এ কথা। সেলা
Currently Selected:
গীতসংহিতা 9: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.