গীতসংহিতা 10
10
ন্যায় বিচারের আবেদন
1হে প্রভু পরমেশ্বর কেন দূরে থাক?
কেন মুখ লুকাও সঙ্কটকালে?
2সদম্ভে দুর্জন দুঃখীকে করছে গ্রাস,
ওদের পাতা ফাঁদে ওরাই পড়ুক ধরা।
3দুর্জন নিজের বাসনার মধ্যে মগ্ন থাকে,
স্বার্থলোলুপেরা কুৎসা করে প্রভু পরমেশ্বরের, অবজ্ঞা করে তাঁকে।
4উন্নাসিক, গর্বিত দুরাত্মা গ্রাহ্য করে না প্রভু পরমেশ্বরকে,
তার জীবনে ঈশ্বরের কোন স্থান নেই।
5ছলে, বলে, কৌশলে সে অর্জন করে সফলতা,
তাই তোমার সূক্ষ্ম বিচারতার দৃষ্টিসীমার বাইরে থেকে যায়,
বিরোধীদের তুচ্ছ করে সে চরম অবহেলায় তাদের তুচ্ছজ্ঞান করে সে।
6সে ভাবে: পতন আমার হবে না কখনও
বিপদে আমি পড়ব না কোন দিন।
7মুখে তার অভিশাপ, ছলনা আর স্বৈরাচারীর আস্ফালন
নিত্য তার ওষ্ঠাধরে দুরভিসন্ধির কথা।#রোমীয় 3:14
8লোকালয়ের কাছে সঙ্গোপনে ওৎ পেতে থাকে সে,
নিরালায় হত্যা করে নিরীহ মানুষকে,
গোপনে লক্ষ্য রাখে অসহায় মানুষের দিকে।
9সিংহের মত সেও আড়ালে গোপনে অপেক্ষা করে থাকে হতভাগ্য অসহায়ের উপর ঝাঁপিয়ে পড়বে বলে।
কৌশলে তাকে নিজের ফাঁদে টেনে এনে তার উপর লাফিয়ে পড়ে সে।
10হতভাগ্য সেই মানুষ তখন হয় নিষ্পেষিত,
ধরাশায়ী, পরাজিত সে হিংস্র শক্তির কাছে।
11দুরাত্মা মনে মনে ভাবে: ঈশ্বর এসব দিকে দৃষ্টি রাখেন না, ভাবেন না এসব কথা!
তিনি চোখ বন্ধ করে আছেন, দেখতে পাবেন না আমায়!
12হে প্রভু পরমেশ্বর, জাগো, সক্রিয় হয়ে ওঠ, দণ্ডদান কর দুরাত্মাকে,
ভুলে যেও না দীনজনে।
13কোন স্পর্ধায় দুর্জন ঈশ্বরকে অবজ্ঞা করে? কী করে বলে সে,
আমায় তিনি কোন শাস্তি দেবেন না?
14কিন্তু তুমি তো সবই দেখ,
উৎপীড়ন আর হিংসা তোমার দৃষ্টি এড়ায় না।
স্বহস্তে তুমি তার কর প্রতিকার।
হতভাগ্য অনাথ-আতুর তোমারই শরণাগত চিরকাল তুমিই তাদের সহায়।
15চূর্ণ কর তুমি দুর্জন ও দুষ্কৃতীর ক্ষমতা,
দণ্ড দাও তাদের অপকর্মের যতক্ষণ না সে নিবৃত্ত হয় অপকর্ম থেকে।
16প্রভু পরমেশ্বর চিরন্তন রাজা,
যারা আরাধনা করে না তাঁর উৎখাত হবে তারা তাঁর পুণ্যভূমি থেকে।
17হে প্রভু পরমেশ্বর জানি আমি, দীনজনের একান্ত বাসনার কথা শুনবে তুমি,
হৃদয়ে দেবে শক্তি তাদের।
18শুনবে তুমি অনাথ, পিতৃহীন ও উৎপীড়িতের ব্যাকুল ক্রন্দন,
করবে সুবিচার, যেন মর্ত্যমানব আর না পারে চালাতে
দমন পীড়ন তাদের উপর।
Currently Selected:
গীতসংহিতা 10: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.