YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 88

88
নিঃসঙ্গ ভক্তের ক্রন্দন
কোরহ বংশের ভজনগীতি
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: সুর–মাহালোৎ-নিয়ানোত
এষ্‌রা নিবাসী হেমানের ভজন
গীতি কবিতা
1হে প্রভু পরমেশ্বর,
আমার পরিত্রাতা, আমার আরাধ্য ঈশ্বর,
আমি সারাদিন তোমায় ডাকি,
রাত্রিকালে তোমার কাছে ভেঙ্গে পড়ি কান্নায়।
2বিনতি আমার উপনীত হোক তোমার সাক্ষাতে,
আমার আর্তনাদে কর কর্ণপাত।
3দুঃখ-যন্ত্রণায় বিপর্যস্ত আমার জীবন,
আমি এসে দাঁড়িয়েছি যেন মৃত্যুর দ্বারপ্রান্তে।
4রসাতলের যাত্রী যারা, তাদেরই মধ্যে পরিগণিত হয়েছি আমি।
আজ আমি শক্তিহীন অসহায় মানুষের মত।
5পরিত্যক্ত মৃতদের মতই আমি একজন যেন কবরে শায়িত নিহত জন।
যাদের তুমি আর কর না স্মরণ বিচ্ছিন্ন তারা আজ তোমার সান্নিধ্য থেকে।
6তুমিই আমাকে নিক্ষেপ করেছ মৃত্যুর গহ্বরে,
সীমাহীন অন্ধকারের গভীর অতলে।
7তোমার ক্রোধের দুঃসহ ভারে ভারাক্রান্ত আমি,
জর্জরিত আমি আঘাতে আঘাতে। সেলা
8আমার বন্ধুদের কাছ থেকে তুমি বিচ্ছিন্ন করেছ আমায়,
করেছ ঘৃণাস্পদ তাদের কাছে, আমি অবরুদ্ধ, নেই কোন মুক্তির পথ।
9দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ,
প্রতিদিন আমি তোমাকে ডাকি,
হে প্রভু পরমেশ্বর,
তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।
10তুমি কি অলৌকিক কার্য সাধন কর মৃতদের জন্য?
ছায়ামূর্তিরা কি উত্থিত হয়ে করবে তোমার স্তব? সেলা
11সমাধির মধ্যে কি তোমার করুণার কথা,
বিনাশের দেশে কি তোমার সত্যনিষ্ঠার কথা প্রচারিত হবে?
12অন্ধকারে কি দেখা যায় তোমার অলৌকিক কীর্তি?
বিস্মৃতির দেশে কি জানা যায় তোমার মহত্ত্বের কথা?
13হে প্রভু পরমেশ্বর, তোমারই কাছে সাহায্যের জন্য আমি আর্তি জানাই,
প্রতি প্রভাতে জানাই বিনতি তোমার কাছে।
14হে প্রভু কেন তুমি আমাকে করেছ পরিত্যাগ?
কেন হয়েছ বিমুখ আমার প্রতি?
15শৈশব থেকেই আমি দুঃখী,
মৃতকল্প তোমার ভয়াবহ দণ্ডে আমি হয়েছি বিবশ।
16তোমার ক্রোধ বয়ে গেছে আমার উপর দিয়ে,
তোমার ভয়াবহ আঘাতে আমি বিধ্বস্ত।
17সেই আঘাতের দারুণ প্লাবনে সারাদিন আমি পরিবেষ্টিত,
চতুর্দিক থেকে তারা আমায় ঘিরে ধরেছে।
18আমার ঘনিষ্ঠ বন্ধুদেরও তুমি সরিয়ে নিয়েছ দূরে,
অন্ধকারই আজ আমার একমাত্র সাথী।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 88