গীতসংহিতা 84
84
ঈশ্বরের আবাসে বসবাসের জন্য ব্যাকুলতা
কোরহের সন্তানদের গীত
সঙ্গীত পরিচালকদের উদ্দেশে: সুর–গিত্তিৎ
1হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর,
কত মনোরম তোমার আবাস।
2প্রভুর প্রাঙ্গণ দর্শনের জন্য লালায়িত আমার প্রাণ,
তাঁর আবাসে বসবাসের জন্য হৃদয় আমার ব্যাকুল।
জীবন্ময় ঈশ্বরের উদ্দেশে
আনন্দগানে মুখর আমার দেহমন।
3হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমার রাজা,
হে আমার আরাধ্য ঈশ্বর,
তোমার বেদীমূলে চড়াই পাখির জন্যও আছে আশ্রয়,
খন্জনা তার শাবকদের জন্য খুঁজে পায় নীড়।
4ধন্য তারা যার বাস করে তোমার নিকেতনে,
তারা সতত করে তোমার প্রশংসা গান। সেলা
5তুমি যাদের শক্তির উৎস,
সিয়োনের পথে যাদের মনোরথ ধাবমান, তারাই ধন্য।
6শুষ্ক জলহীন বাখা যখন পার হয় তারা সেখানে উৎসারিত হয় ঝরণাধারা তাদের পরশ লাভে,
প্রথম বর্ষার ধারা বর্ষণে আপ্লুত করে তাকে নানা আশিসে।
7উত্তরোত্তর তাদের হয় বলবৃদ্ধি,
সিয়োনে তারা পায় পরমেশ্বরের দর্শন।
8হে প্রভু, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন,
কর্ণপাত কর হে যাকোবের আরাধ্য ঈশ্বর। সেলা
9হে ঈশ্বর, দৃষ্টিপাত কর আমাদের ঢালস্বরূপ
রাজার প্রতি, যাঁকে তুমি অভিষিক্ত করেছ, কৃপা কর তাঁকে।
10অন্যত্র সহস্রদিন বাস করার চেয়ে তোমার প্রাঙ্গণে একদিন বসতি করা শ্রেয়।
আমি বরং আমার আরাধ্য ঈশ্বরের গৃহদ্বারে প্রতীক্ষায় বসে থাকব,
তবু করব না বাস দুর্জনের আবাসে।
11প্রভু পরমেশ্বরই আমাদের রক্ষক ও সহায়,
আমাদের মহান রাজা, তিনি আমাদের উপর বর্ষণ করেন করুণা,
ভূষিত করেন সম্মানে। যারা ন্যায়ের পথে চলে,
তারা কখনও হয় না বঞ্চিত তাঁর কল্যাণ ও আশিস লাভে।
12হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যারা সতত নির্ভর করে তোমার উপর, নিবিড় প্রশান্তি বিরাজ করে তাদের হৃদয়ে।
Currently Selected:
গীতসংহিতা 84: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.