YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 83

83
জাতির দুর্দিনে উদ্ধারের প্রার্থনা আসফের ভজন
1হে ঈশ্বর থেক না নীরব,
মৌন অবলম্বন করো না, হয়ো না স্তব্ধ।
2চেয়ে দেখ, তোমার শত্রুরা করছে আস্ফালন,
মাথা তুলে দাঁড়িয়েছে তোমার বিদ্বেষীরা।
3চক্রান্ত করছে তারা তোমার প্রজাদের বিরুদ্ধে,
তোমার রক্ষণাধীন লোকদের বিরুদ্ধে মিলিত হয়ে করছে গোপন ষড়যন্ত্র।
4ওরা বলছে: চল, ওদের জাতিকে আমরা নিশ্চিহ্ন করে দিই,
মুছে যাক ইসরায়েলের নাম চিরতরে।
5ওরা সকলে একত্র হয়ে ষড়যন্ত্র করছে
তোমার বিরুদ্ধে তারা হয়েছে চুক্তিবদ্ধ।
6ইদোমী, ইশ্মায়েলী,
মোয়াব ও হাগার-বংশধরদের সকল শিবির,
7গবাল, আম্মোন এবং অমালেক জাতির লোকেরা,
সোর নিবাসীদের সঙ্গে ফিলিস্তিনীরা এবং
8আসিরিয়াও যোগদান করেছে ওদের দলে,
লোটের বংশধরদের শক্তি বৃদ্ধি করেছে ওরা। সেলা
9মিদিয়নের প্রতি তুমি যা করেছিলে, হে ঈশ্বর,
কিশোন নদীতীরে সিসেরা ও যাবীনের প্রতি যেমন করেছিলে,#বিচার 4:6-22; 7:1-23
10এদের প্রতিও তুমি তাই কর, এন্‌দোরে তারা বিধ্বস্ত হয়েছিল,
জমির সারে পরিণত হয়েছিল তারা।
11এদের নেতৃবৃন্দের দশা ওরেব ও জেব-এর মত কর,
এদের নায়কদের কর জেবাহ ও সালমুন্নার মত।#বিচার 7:25; 8:12
12যারা বলেছিল:
ঈশ্বরের চারণভূমি আমরা দখল করে নেব।
13হে আমার ঈশ্বর তুমি এদের ঘূর্ণি বায়ুতাড়িত ধূলির মত কর,
কর এদের ঝড়ের মুখে তুষের মত।
14অরণ্যকে যেভাবে গ্রাস করে দাবানল,
অগ্নিশিখা যেভাবে লেহন করে পর্বতকে,
15তেমনি করে তোমার ঝঞ্ঝায় এদের বিতাড়িত কর,
এদের সন্ত্রস্ত কর তোমার প্রচণ্ড ঘূর্ণি বাত্যায়।
16লজ্জায় আচ্ছন্ন কর এদের মুখ,
যেন এরা অন্বেষণ করে তোমায় হে প্রভু পরমেশ্বর।
17লজ্জা ও আতঙ্কে ওরা হোক বিহ্বল,
হোক বিধ্বস্ত চরম অপমানে।
18জানুক বিশ্বচরাচর, তুমিই সেই প্রভু পরমেশ্বর,
একমাত্র তুমিই পরাৎপর এ বিশ্বসংসারে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 83