YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 7

7
সুবিচারের আবেদন
উদ্দাম#7:0 হিব্রু: উদ্দাম = হিগ্গায়োন। গীতি। দাউদের ভজন
বিন্যামীন বংশধর কুশ-এর ঘটনা উপলক্ষে প্রভুর উদ্দেশে দাউদ এই গীত রচনা করেন।
1হে প্রভু পরমেশ্বর, আমার আরাধ্য ঈশ্বর আমি তোমারই শরণাগত।
যারা নিয়ত উত্যক্ত করছে আমাকে, তাদের হাত থেকে বাঁচাও আমায়
2তুমি উদ্ধার না করলে ওরা সিংহের মত ছিনিয়ে নিয়ে যাবে আমায়,
চিঁড়ে ফেলবে টুকরো টুকরো করে, বাঁচাবার কেউ থাকবে না তখন।
3হে প্রভু পরমেশ্বর আমার আরাধ্য ঈশ্বর,
যদি অন্যায় করে থাকি আমি,
আমার হাত যদি কোন দুষ্কর্মে হয়ে থাকে কলঙ্কিত
4যদি করে থাকি বন্ধুজনের অপকার
অকারণে পীড়ন করে থাকি শত্রুকে,
5তবে শত্রু আমায় না দিক নিস্তার,
ধরাশায়ী করে পদদলিত করুক আমায়
ধূলায় লুটিয়ে দিক আমার সম্মান। সেলা
6জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর,
রোষে উন্মত্ত আমার শত্রুদের বিরুদ্ধে কর উত্থান ক্রোধভরে।
হে আমার আরাধ্য ঈশ্বর, জাগো,
প্রতিষ্ঠিত কর তোমার প্রতিশ্রুত ন্যায় বিচার।
7সমবেত হোক জাতিপুঞ্জ তোমাকে ঘিরে
তাদের উপর আবার প্রতিষ্ঠিত হোক অন্তরীক্ষে তোমার সিংহাসন।
8হে প্রভু পরমেশ্বর, তুমি সর্বমানবের বিচারক।
তুমি জান হে প্রভু, আমি নির্দোষ, ন্যায়বিচার সম্পন্ন কর আমার সপক্ষে।
9দুর্জনের দুষ্কৃতির হোক অবসান,
হে ধর্মময় ঈশ্বর,
অন্তর্যামী ঈশ্বর আমার,
সজ্জনকে তুমি কর প্রতিষ্ঠিত।#প্রকা 2:23
10ঈশ্বর আমার ঢালস্বরূপ,
তিনি ন্যায়পরায়ণদের করেন উদ্ধার।
11ঈশ্বর সুবিচারক,
দুর্জনকে তিনি দণ্ডদান করেন সর্বদা।
12যদি অনুতপ্ত না হয় তারা তবে তিনি শাণিত করবেন তাঁর তরবারি,
ধনুকে করবেন শর যোজনা।
13তাঁর মারণাস্ত্র প্রস্তুত,
তূণের শর এখন হয়েছে অগ্নিবাণ।
14দেখ, দুর্জনই মন্দের স্রষ্টা, অন্তর তার দৌরাত্ম্যের আধার,
মিথ্যার জনক সে।
15সে গভীর খাত খনন করে
অবশেষে নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে।
16তার যত অন্যায় অত্যাচার
চরম আঘাত হয়ে শেষে নেমে আসে তারই উপরে।
17প্রভু ন্যায়পরায়ণ, আমি গাইব তাঁর বন্দনা গান,
সুখী হব আমি পরাৎপর ঈশ্বরের স্তুতি গানে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 7