YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 58

58
দুষ্টকে দণ্ডদানের আবেদন
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: সুর–‘‘বিনাশ করো না।”
1ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত যারা, ন্যায়সঙ্গত হয় কি তোমাদের সিদ্ধান্ত?
বিচার কর কি তোমরা সমদৃষ্টি নিয়ে?
2না, তোমরা মনে মনে কুকর্মের সঙ্কল্প করছ,
হিংসাত্মক কার্যকলাপ তোমরা করে চলেছ দেশে।
3মাতৃগর্ভ থেকেই দুষ্টেরা বিপথগামী,
জন্মাবধি মিথ্যাভাষণের ফলে তারা বিভ্রান্ত।
4সাপের বিষের মতই তাদের বিষ,
ওরা কান বন্ধ করে রাখে, বধির কালসাপের মত।
5যে সাপ শুনতে পায় না সাপুড়ের কণ্ঠস্বর
নিপুণ ওঝার মন্ত্রপাঠও যাদের হয় না কর্ণগোচর।
6হে ঈশ্বর, ওদের দাঁত তুমি ভেঙ্গে দাও, হে প্রভু,
তুমি উপড়ে ফেল এই সিংহদের দন্তমূল।
7নিঃশেষ হয়ে যাক্‌ ওরা, গড়িয়ে পড়া জলের মত
পদদলিত ঘাসের মত নিশ্চিহ্ন হোক ওরা।#58:7 হিব্রু: অস্পষ্ট।
8শামুকের মত গলে ওরা নিঃশেষ হয়ে যাক্‌, অকালজাত মৃতশিশু,
যারা কোনদিন দেখে না সূর্যের মুখ তাদের মতই হোক ওরা।
9তোমাদের গড়া পাত্রের গায়ে কাঁটার আগুনের আঁচ লাগার আগেই
কাঁচা কি পোড়া সব পাত্রই তিনি বিধবস্ত করবেন ঝড়ে।#58:9 হিব্রু: অস্পষ্ট
10দুর্জনের এই শাস্তি দেখে আনন্দিত হবে ধার্মিকেরা,
তার রক্তে তারা করবে পাদপ্রক্ষালন।
11সকলেই বলবে তখনঃ সত্যই ধার্মিকের পুরস্কার আছে,
পৃথিবীর বিচারক ঈশ্বর সত্যই আছেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 58