গীতসংহিতা 57
57
সাহায্যের জন্য ভক্তের আকুল আবেদন
সুরম্যগীতি। দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ:সুর–‘‘বিনাশ করো না।” শৌলের কাছ থেকে পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নেওয়ার পর দাউদ এই গীতটি রচনা করেন।#১ শমু 22:1; 24:3
1হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর,
আমি তোমারই শরণাগত, কৃপা কর আমায়।
তোমারই পক্ষচ্ছায়ে আমি আশ্রয় চাই,
যতক্ষণ না কেটে যায় বিপদের ঝড়।
2পরাৎপর ঈশ্বরকে আমি ডাকব
আমার সমস্ত অভাব তিনি পূরণ করেন।
3স্বর্গ থেকে তিনি সাহায্য পাঠান, উদ্ধার করেন আমায়,
যারা আমায় জর্জরিত করছে অকথ্য অত্যাচারে, তাদের তিনি করবেন অবনত নিদারুণ লজ্জায়।
এমনিভাবেই ঈশ্বর প্রকাশ করবেন তাঁর অবিচল প্রেম ও সত্যপরায়ণতা আমার কাছে।
4শত্রুবেষ্টিত আমি, সিংহের মত ওরা বেষ্টন করেছে আমায়,
নরখাদকদের মধ্যে আমার শয়ন।
ওদের দন্তরাজি বর্শা ও তীরের মত,
ওদের জিহ্বা যেন তীক্ষ্ণ তরবারি।
5ঊর্ধ্বে আকাশে দেখাও তোমার পরাক্রম, দেখাও মহিমা তোমার হে ঈশ্বর,
সমগ্রর পৃথিবীতে ব্যাপ্ত হোক তোমার গৌরব!
6ওরা পেতেছিল ফাঁদ আমাকে ধরার জন্য,
আমি ভেঙ্গে পড়েছিলাম হতাশায়,
আমার জন্য ওরা গর্ত খুঁড়েছিল পথে,
কিন্তু পড়েছিল তাতে ওরা নিজেরাই। সেলা
7অটল আস্থায় চিত্ত আমার অবিচল, হে ঈশ্বর,
আমি মহানন্দে গাইব তোমার প্রশংসাগান।
8জাগো, জাগো হে চিত্ত আমার, জাগো হে বীণ,
জাগো সুরবাহার আমি জাগাব ঊষাকে আমার প্রভাতী সঙ্গীতে।
9হে ঈশ্বর, আমি তোমার উদ্দেশে করব আমার কৃতজ্ঞতা নিবেদন মানব সমাজে,
জাতিবৃন্দের সমক্ষে আমি গাইব তোমার স্তুতিগান।
10গগনস্পর্শী তোমার অবিচল প্রেম মেঘচুম্বী তোমার সত্যপরায়ণতা,
ঊর্ধ্বে আকাশে তুমি দেখাও তোমার পরাক্রম,
11দেখাও মহিমা তোমার হে ঈশ্বর,
সমগ্র পৃথিবীতে ব্যাপ্ত হোক তোমার গৌরব।
Currently Selected:
গীতসংহিতা 57: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.