YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 59

59
নিরাপত্তার প্রার্থনা
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: সুর–‘‘বিনাশ করো না’’ দাউদকে হত্যা করার জন্য শৌলের অনচরবৃন্দ যখন তাঁর বাড়ি পাহারা দিচ্ছিল তখন দাউদ এই গাতটি রচনা করেন।#১ শমু 19:11
1হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় শত্রুদের কবল থেকে,
রক্ষা কর আমায় তাদের হাত থেকে, যারা উদ্যত আমায় আক্রমণে।
2অত্যাচারীর কবল থেকে মুক্ত কর আমায়,
রক্তলোলুপ মানুষের হাত থেকে আমায় বাঁচাও।
3আমার জীবন নাশের জন্য ওরা উন্মুখ হয়ে আত্মগোপন করে আছে,
হিংস্র নির্মম শত্রুরা বেঁধেছে জোট আমার বিরুদ্ধে,
হে প্রভু পরমেশ্বর কোন অপরাধ তো করিনি আমি, করিনি তো কোন পাপ।
4আমার কোন অপরাধ নেই,
তবুও ওরা আমার বিরুদ্ধে তৈরী হচ্ছে অতি ক্ষিপ্রতায়।
5হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর,
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তুমি জাগো, সহায় হও আমার,
দৃষ্টিপাত কর আমার প্রতি। উদ্যত হও জাতিবৃন্দের দণ্ড বিধানে,
দুষ্ট বিশ্বাসঘাতকের প্রতি তুমি করো না দয়া প্রদর্শন। সেলা
6প্রতি সন্ধ্যায় ওরা বার হয়ে আসে,
রাতের অন্ধকারে চীৎকার করে কুকুরের মত, ঘুরে বেড়ায় নগরের চারিদিকে।
7দেখ, ওদের মুখে অনর্গল কটূ কথা,
ওদের ওষ্ঠ যেন শাণিত তরবারি, ওরা ভাবে,
ওদের কথা শুনতে পায় না কেউ।
8কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি ওদের কর উপহাস,
কর অপদস্থ জাতিবৃন্দকে।
9হে আমার শক্তির আধার,
আমি তোমারই প্রতীক্ষায় থাকি তুমিই আমার আশ্রয়দুর্গ হে ঈশ্বর।
10আমার ঈশ্বর তাঁর অবিচল প্রেমে আমাকে দেখা দেবেন,
অগ্রবর্তী হবেন আমার, দেখাবেন আমায় শত্রুদের পরাজয়।
11তুমি সমূলে বিনাশ করো না ওদের হে প্রভু পরমেশ্বর,
অন্যথায় আমার স্বজাতির মানুষ ভুলে যেতে পারে তোমার মহিমার কথা। তুমি আমাদের ঢালস্বরূপ,
ছত্রভঙ্গ কর ওদের তোমার পরাক্রমে। ভূলুণ্ঠিত কর ওদের।
12ওদের মুখ নিঃসৃত ভাষা পাপে কলঙ্কিত,
ওদের ওষ্ঠাধরে শুধু অভিশাপ আর মিথ্যা ভাষণ।
ওরা ধরা পড়ুক নিজেদের অহমিকার ফাঁদে,
13তুমি সক্রোধে ওদের সংহার কর,
ওদের ধ্বংস কর নিঃশেষে। পৃথিবী জানুক,
স্বয়ং ঈশ্বর অধিষ্ঠিত হবেন যাকোবকুলে,
যিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আধিপত্য করেন। সেলা
14ওরা বার হয়ে আসে রাতের অন্ধকারে,
চীৎকার করে কুকুরের মত, ঘুরে বেড়ায় নগরের চারিদিকে।
15ওরা খাদ্যের জন্য ইতস্ততঃ ঘুরে বেড়ায়,
পরিতৃপ্ত না হলে জানায় বিক্ষোভ।
16আমি কিন্তু তোমার পরাক্রমের প্রশস্তি করব,
প্রভাতে গাইব তোমার অবিচল প্রেমের জয়গান,
কেননা তুমি আমার সুদৃঢ় দুর্গ,
সঙ্কটের দিনে আমার পরম আশ্রয়।
17হে আমার শক্তির আধার, আমি তোমার প্রশংসা কীর্তন করব,
হে ঈশ্বর, তুমি আমার দুর্গস্বরূপ,
তুমিই আমার প্রেমময় ঈশ্বর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 59