YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 56

56
পরমেশ্বরের উপরে ভক্তের একান্ত আস্থা
সুরম্যগীতি। দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: সুর–‘‘সুদূরের মৌনী কপোত’’গাৎ নগরে ফিলিস্তিনীদের হাতে বন্দী অবস্থায় দাউদ এই গীতটি রচনা করেন।#১ শমু 21:13-15
1হে ঈশ্বর আমায় কৃপা কর,
আমি আজ শত্রুর কবলে বন্দী,
নিরন্তর তারা নির্যাতন করছে আমায়।
2অসংখ্য শত্রু আমার চারিদিকে নিশিদিন মহাদর্পভরে পদতলে দলছে আমায়,
দুর্বিষহ অত্যাচারে বিপর্যস্ত করে তুলছে আমার প্রাণ।
3হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, যখন আমি উদ্বেগ ও ভয়ে বিহ্বল হয়ে পড়ি,
তখন তোমারই উপরে স্থাপন করি আমার সকল আস্থা।
4প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই,
আমার সকল ভরসা তিনিই তাই ভীত নই আমি,
তুচ্ছ মানুষ কি করবে আমার?
5শত্রুরা সব সময় আমার অনিষ্ট চেষ্টায় তৎপর,
আমার অপকারের ষড়যন্ত্রে সদাই লিপ্ত তারা।
6ওরা দলবদ্ধ হয়ে চক্রান্ত করে আমার বিরুদ্ধে,
লক্ষ্য রাখে আমার গতিবিধির প্রতি,
আমার প্রাণনাশের সুযোগের অপেক্ষায় থাকে।
7ওদের অন্যায় আচরণের সমুচিত দণ্ড দাও তুমি, হে ঈশ্বর,
তোমার দুর্বার ক্রোধে উৎপাটিত কর ওদের।
8তুমি তো জান আমার বেদনাবিদ্ধ হৃদয়ের ব্যাকুলতা,
সেই বেদনার অশ্রু সঞ্চয় করেছ তুমি পাত্রে তোমার,
লেখা কি হয়নি সেকথা তোমার গ্রন্থে?
9যেদিন আকুল হয়ে আমি ডাকব তোমায়,
সেদিন পরাজিত হবে আমার শত্রুদল,
একথা নিশ্চিত জানি আমি,
ঈশ্বর আমার পরম সহায়।
10প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল,
আমি তাঁর স্তুতিগান গাই।
11আমার সকল ভরসা তিনি,
তুচ্ছ মানুষ কি করবে আমার?
12হে ঈশ্বর, আমি পূর্ণ করব তোমার কাছে আমার মানত,
নিবেদন করব আমি কৃতজ্ঞতার নৈবেদ্য চরণে তোমার।
13মৃত্যুর গ্রাস থেকে তুমি উদ্ধার করেছ আমায়,
রক্ষা করেছ পরাজয়ের কবল থেকে।
তাই আমি বাস করছি আজ ঈশ্বরের সান্নিধ্যে,
জীবনের উদ্ভাসিত জ্যোতির মাঝে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 56