YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 55

55
বন্ধুর বিশ্বাসঘাতকতায় ব্যথিত ভক্তের প্রার্থনা
গীতি কবিতা। দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: তারযন্ত্র সহযোগে
1হে ঈশ্বর, আমার নিবেদনে কর্ণপাত কর,
প্রত্যাখ্যান করো না আমার নিবেদন।
2মনোযোগ দাও আমার কথায়, উত্তর দাও আমাকে,
দুর্ভাবনায় আমি অস্থির, বিক্ষিপ্ত আমার মন
3শত্রুদের কোলাহলে, দুর্জনের অত্যাচারে।
তারা সৃষ্টি করে মহাসঙ্কট আমার পথে, শত্রুতা করে দারুণ আক্রোশে।
4নিদারুণ মর্ম বেদনায় জর্জরিত চিত্ত আমার
আতঙ্কিত মৃত্যুর বিভীষিকায়।
5আমি ভয়ে বিপর্যস্ত, কম্পিত কলেবর,
মহাত্রাসে আচ্ছন্ন।
6আহা, কপোতের মত যদি থাকত আমার দুখানি ডানা,
তাহলে উড়ে গিয়ে আমি স্বস্তি পেতাম।
7হ্যাঁ, আমি চলে যেতাম অনেক দূরে।
তেপান্তরের মাঠে গিয়ে ঘর বাঁধতাম। সেলা
8এই প্রবল ঝঞ্ঝার কবল থেকে প্রাণ বাঁচাতে
সত্বর পালিয়ে যেতাম নিরাপদ আশ্রয়ে।
9হে প্রভু পরমেশ্বর, ব্যর্থ করে দাও ওদের সব পরিকল্পনা, বিভ্রান্তি আন ওদের চিন্তাধারায়,
আমি দেখেছি ওদের নগরে জনপদে শোষণ-পীড়ন আর হিংসার হানাহানি।
10দৌরাত্ম্য ও দুর্নীতি রাত্রিদিন ঘিরে রেখেছে নগরগকে,
পূর্ণ হয়েছে নগর অধর্ম ও অনাচারে।
11সর্বত্র আজ উপদ্রব ও অবক্ষয়, ব্যবসা-বাণিজ্যে,
বিচার সভায় কোথাও সাধুতা নেই, আছে শুধু প্রতারণা আর অবিচার।
12কোন শত্রু যদি উপহাস করত আমায়, আমি সইতে পারতাম,
কোন বিদ্বেষী যদি বিদ্রূপ বাণে জর্জরিত করত আমায় তাহলে আত্মরক্ষা করতে পারতাম আমি।
13কিন্তু আমার পরম বন্ধু যে তুমি, আমার সাথী,
আমার একান্ত আপন, সেই তুমিই করছ এ কাজ।
14একদিন কত না মধুর আলাপ করেছি আমরা দুজনে,
একসাথে গিয়েছি প্রভুর মন্দিরে।
15অকালে ওদের মরণ ঘনিয়ে আসুক,
জীবন্ত সমাধি হোক ওদের, মন্দতায় ভরা ওদের অন্তর ও বাহির।
16আমি আহ্বান জানাব ঈশ্বরকে সাহায্যের জন্য, প্রভু পরমেশ্বরই আমাকে করবেন উদ্ধার।
17সন্ধ্যা, সকাল ও মধ্যাহ্নে
আমি জানাব আমার আর্ত নিবেদন,
তিনি শুনবেন আমার রব।
18অসংখ্য শত্রুর সাথে যে সংগ্রামে লিপ্ত আমি,
সেই সংগ্রাম থেকে তিনি আমায় করবেন উদ্ধার,
ফিরিয়ে আনবেন নিরাপদে।
19ঈশ্বর, যিনি অনাদিকাল থেকে শাসন ক্ষমতায় সমাসীন,
তিনি শুনবেন আমার নিবেদন,
ওদের দমন করবেন তিনি।
কারণ ওদের কোন পরিবর্তন নেই ঈশ্বরকে সম্ভ্রম করে না ওরা। সেলা
20আমার বন্ধু আপন মিত্রদের বিরুদ্ধাচরণ করছে,
মৈত্রী শপথ ভঙ্গ করেছে সে।
21মুখে তার মধুর ভাষণ কিন্তু অন্তরে বৈরীভাব,
স্নেহসিক্ত তার আলাপন অন্তরালে তার শাণিত কৃপাণ।
22তুমি প্রভু পরমেশ্বরের উপর অর্পণ কর তোমার সকল ভার,
তিনিই ধারণ করবেন তোমায়,
ধার্মিককে কখনও বিচলিত হতে দেন না তিনি।
23হে ঈশ্বর, তুমি ওদের নিক্ষেপ করবে
বিনাশের গভীরতম গহ্বরে, রক্তলোলুপ ও প্রতারকেরা
জীবনের মাঝপথেই হারাবে তাদের আয়ু
কিন্তু তোমারই উপর থাকবে আমার অনন্ত আস্থা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 55