গীতসংহিতা 51
51
ক্ষমা প্রার্থনা
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের উদ্দেশে। দাউদ বৎশেবার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার পর নবী নাথান তাঁকে তিরস্কার করেন। সেই সময়ে দাউদ এই গীতটি রচনা করেন।#২ শমু 12:1-15
1হে ঈশ্বর, তোমার অবিচল প্রেমের গুণে কৃপা কর আমায়,
তোমার অসীম করুণায়
মার্জনা কর আমার সকল অপরাধ।
2নিঃশেষে ধৌত কর যত অধর্ম আমার,
পাপ থেকে শুচি কর আমায়।
3আমি জানি, আমার সকল অপরাধ,
আমি সতত সচেতন
আমার পাপের বিষয়ে।
4তোমার বিরুদ্ধে, একমাত্র তোমারই বিরুদ্ধে
আমি পাপ করেছি,
তোমার দৃষ্টিতে যা কিছু মন্দ,
তা-ই করেছি আমি।
সুতরাং ন্যায্য তোমার দণ্ডাদেশ,
নিখুঁত তোমার বিচার।#রোমীয় 3:4
5জন্মলগ্ন থেকেই আমি মন্দতায় পূর্ণ ছিলাম,
আমার সৃষ্টি মুহূর্তেই গ্রাস করেছিল আমায় পাপের প্রভাব।
6জানি, অন্তরের সততাই তোমার কাম্য
হৃদয়ের নিভৃতে তাই
জ্ঞান শিক্ষা দাও আমাকে।
7এসোব লতা দিয়ে শোধন কর আমায়,
তাহলে আমি হব নির্মল।
ধৌত কর আমায়
আমি হব তুষারের চেয়েও শুভ্র।
8আনন্দ ও উল্লাসের ধ্বনি শোনাও আমায়,
আবার উৎফুল্ল হোক আমার সকল সত্তা
যা তুমি করেছ চূর্ণ বিচূর্ণ।
9আমার পাপ রাশির দিক থেকে
ফিরিয়ে নাও তোমার শ্রীমুখ, মার্জনা কর আমার সকল অপরাধ।
10হে ঈশ্বর, সৃষ্টি কর আমার মধ্যে নির্মল হৃদয়। দূর করে দাও আমার মনের চঞ্চলতা,
জাগাও অন্তরে তোমার আত্মার নূতন প্রেরণা।
11তোমার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দিও না আমায়,
তোমার পবিত্র আত্মা করো না অপসারণ আমার অন্তর থেকে।
12ফিরিয়ে দাও আমাকে তোমার পরিত্রাণের আনন্দ, নবায়িত কর আমায়,
রাখ আমায় তোমারই অনুগত করে।
13তাহলে আমি অধর্মাচারীদের দেখাতে পারব তোমার পথ
পাপীরা তখন আসবে ফিরে তোমার কাছে।
14হে ঈশ্বর, হে আমার পরিত্রাতা ঈশ্বর, হত্যার অপরাধ#51:14 অথবা রক্তপাতের দায় থেকে আমায় রক্ষা কর।
আমার রসনা মুখর হবে তোমারই ন্যায়পরতার জয়গানে।
15হে প্রভু পরমেশ্বর, খুলে দাও আমার ওষ্ঠাধর,
আমি গাইব তোমার স্তুতিগান।
16বলিদানে তুমি প্রীত নও, আমার নিবেদিত হোমবলি
প্রসন্ন করে না তোমায়
17হে ঈশ্বর, তোমার চরণে আমি করি নিবেদন আমার বিনম্র হৃদয় আপন হাতে যাকে তুমি করেছ শোধন,
অনুতাপে দগ্ধ সেই বিচূর্ণ হৃদয় –তাকে তুমি করবে না প্রত্যাখ্যান।
18হে ঈশ্বর, তোমার মঙ্গল ইচ্ছায়, সিয়োনের কল্যাণ সাধন কর তুমি,
আবার গড়ে তোল জেরশালেমের ভগ্ন প্রাচীর।
19তখন তুমি প্রীত হবে যথাবিহিত বলিদানে,
প্রীতিলাভ করবে তুমি হোমবলি ও পূর্ণাহুতিতে,
ভক্তেরা তখন বৃষবলি দেবে তোমারই পুণ্য বেদীতে।
Currently Selected:
গীতসংহিতা 51: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.