YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 50

50
প্রকৃত আরাধনা
ভজনগীতি। আসফের সঙ্কলন।
1সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর,
উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন।
2অপরূপ রূপে শোভিত সিয়োন,
সেখান থেকে প্রকাশিত তাঁর পূর্ণ জ্যোতি।
3আমাদের ঈশ্বর আসছেন নীরব পদসঞ্চারে নয়,
সম্মুখে তাঁর সর্বগ্রাসী অগ্নিশিখা,
তাঁকে ঘিরে আছে প্রচণ্ড ঘূর্ণিঝড়।
4তাঁর প্রজাদের বিচার সভায় স্বর্গ
ও মর্ত্যকে তিনি আহ্বান করেছেন।
5তিনি বলেছেনঃ আমার একনিষ্ঠ ভক্তবৃন্দকে একত্র কর আমার কাছে
যারা বলিদানের অনুষ্ঠানে স্থাপন করেছে সন্ধিচুক্তি আমার সঙ্গে।
6আকাশমণ্ডল নিয়ত ঘোষণা করে তাঁর ন্যায়পরতা,
কারণ ঈশ্বর স্বয়ং আজ বিচারক। সেলা
7হে আমার প্রজাবৃন্দ, আমার কথা শোন, হে ইসরায়েলকুল,
তোমার বিরুদ্ধে আমি অভিযোগ আনব।
আমি ঈশ্বর–তোমাদের আরাধ্য ঈশ্বর।
8আমার উদ্দেশে বলিদানের জন্য তোমাদের ভর্ৎসনা করব না আমি,
নিত্য নিয়ত আমার কাছে তোমরা নিবেদন করছ হোমবলি।
9আমি চাই না তোমাদের গৃহপালিত বৃষ,
গ্রহণ করব না তোমাদের পালের ছাগ।
10অরণ্যের সমস্ত প্রাণী আমার,
পাহাড় পর্বতের পশুপালও আমারই।
11আকাশের#50:11 গ্রীকঃ হিব্রু–পাহাড় পক্ষীকুল,
এ বিশ্ব চরাচরের যা কিছু–সকলই আমার।
12আমি ক্ষুধিত হলে তোমার কাছে খাদ্য চাইব না,
কারণ এ পৃথিবী আমার, তার যা কিছু সবই আমার।
13তোমরা কি মনে কর বৃষমাংস আমার ভক্ষ্য?
ছাগরক্ত আমার পানীয়?
14আমার উদ্দেশে তোমাদের উৎসর্গীত
কৃতজ্ঞতার পরাৎপরের কাছে পূর্ণ কর তোমাদের অঙ্গীকার।
15তখন সঙ্কটের দিনে আমায় ডাকলে আমি উদ্ধার করব তোমাদের,
তোমরা করবে আমার মহিমাকীর্তন।
16কিন্তু ঈশ্বর দুর্জনদের বলেনঃ
কোন অধিকারে তুমি উচ্চারণ কর আমার অনুশাসন?
কোন সাহসে মুখে আন আমার সঙ্গে সম্বন্ধের চুক্তির কথা?
17আমি তোমায় সংশোধন করি, এ তুমি চাও না,
অমান্য কর তুমি আমার আদেশ।
18তস্করের সাক্ষাৎ পেলে তুমি বন্ধুত্ব কর তার সঙ্গে,
লম্পটদের সহযোগিতা কর তুমি।
19কুকথায় মুখর তোমার ওষ্ঠাধর,
ছলনায় পটু তোমার জিহ্বা।
20নিজের ভাইয়ের নিন্দায় তুমি সদাতৎপর,
আপন সহোদরের কুৎসা রটনায় তোমার বাধে না।
21এই সব অপকর্ম তুমি করে চলেছ তবু তোমায় আমি বলি নি কিছুই,
তাই তুমি ভেবেছ, আমি বুঝি তোমারই মত।
আর নয়, আমার সহ্যের সীমা পার হয়ে গেছে,
এবার আমি তিরস্কার করব তোমায় বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তোমার সব অপরাধ ও তার পরিণাম।
22তোমরা যারা বিস্মৃত হয়েছ ঈশ্বরকে, শোন এই কথা,
অন্যথায় আমি তোমাদের সমূলে করব বিনাশ,
তোমাদের উদ্ধার করার মত থাকবে না কেউ।
23কৃতজ্ঞতার অর্ঘ্য যে আমায় করে নিবেদন, সে-ই জানায় আমায় যোগ্য সম্মান,
সৎপথে চলে যে, তারই কাছে আমি প্রকাশ করব ঐশ্বরিক পরিত্রাণ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 50