YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 49

49
পার্থিব সম্পদে আস্থা মূর্খতার পরিচায়ক ভজন গীতি। কোরহ বংশের সঙ্কলন। সঙ্গীত পরিচালকের জন্য।
1শোন হে জাতিবৃন্দ, আমার কথা শোন,
শোন জগতের সকল অধিবাসী,
2সামান্য-অসামান্য,
ধনী-নির্ধন সকলেই শোন এ কথা।
3আমি শোনাব প্রজ্ঞার বাণী,
খুলে যাবে তোমাদের জ্ঞানের দুয়ার।
4রূপময় রূপকের সুললিত ছন্দে,
শোনাব সে কথা বীণার ঝঙ্কারে।
5বিপদে আমি কখনও হব না বিচলিত,
6ধনবাহুল্যে গর্বান্ধ শত্রুদলের আক্রমণে
কখনও ভীত হব না আমি।
7কেউ কোন দিন উদ্ধার করতে পারে না নিজেকে#49:7 পাঠান্তর: নিজের ভাইকে।
পারে না কিনতে অর্থমূল্যে নিজের জীবন ঈশ্বরের কাছ থেকে।
8জীবনের দাম দেওয়া মানুষের সাধ্যের অতীত,
9সাধ্যের অতীত তার চিরকাল বেঁচে থাকার অধিকার ক্রয় করা,
সাধ্যের অতীত মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া।
10জ্ঞানী-মূর্খ নির্বিশেষে সকলেরই শেষ পরিণতি মৃত্যু,
তাদের রেখে যাওয়া ধনসম্পদ ভোগ করে অন্যজনে।
11তারা ক্রয় করে ভূসম্পদ চিরস্থায়ী আশ্রয়রূপে,
কিন্তু সমাধিই তাদের চিরদিনের আবাস,
এখানেই তারা বাস করে চিরকাল।
12পার্থিব সম্পদ কখনও তাকে পারে না বাঁচাতে মৃত্যুর কবল থেকে,
মৃত্যু হয় তার নশ্বর জীবেরই মত।
13দাম্ভিক নির্বোধ যারা পার্থিব সম্পদেই যাদের একমাত্র ভরসা,
এই তাদের চূড়ান্ত পরিণাম। সেলা
14সংহারের জন্য নির্দিষ্ট মেষপালের মত তারা,
মৃত্যুই তাদের নিয়ন্তা। সমাধির গভীরে গহ্বরে নেমে যাবে তারা,
ক্ষয় পাবে তাদের দেহ অবয়ব,
মৃত্যুলোক গ্রাস করবে তাদের চিরতরে।
15কিন্তু ঈশ্বর আমাকে উদ্ধার করবেন, রক্ষা করবেন মৃত্যুর কবল থেকে,
নিয়ে যাবেন আমাকে আপন আশ্রয়ে। সেলা
16দুষ্টের সমৃদ্ধিতে হয়ো না বিচলিত,
উদ্বিগ্ন হয়ো না তার বংশের সম্পদ বাহুল্যে।
17মরণকালে কোন সম্পদ তার সঙ্গে যাবে না
পারবে না নিয়ে যেতে সে কিছুই।
18সে যদি ইহজীবনে পরিতৃপ্ত হয়,
যদি জীবনের সাফল্যে হয় খ্যাতিমান,
19তবুও মৃত্যুতে যেতে হবে তাকে পিতৃপুরুষের কাছে,
যেখানে বিরাজিত চিরঅন্ধকার।
20পার্থিব সম্পদ তাকে কখনও পারে না বাঁচাতে মৃত্যুর কবল থেকে,
মৃত্যু হয় তার নশ্বর জীবেরই মত।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 49