YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 5

5
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ বাঁশী সহযোগে।
1হে প্রভু পরমেশ্বর, শ্রবণ কর আমার প্রার্থনা,
শোন আমার কাতর নিবেদন।
2হে আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ,
আমি তোমারই কাছে জানাই মিনতি।
3হে প্রভু পরমেশ্বর, প্রভাতে তুমি শুনবে আমার আবেদন,
প্রত্যূষে প্রার্থনার অর্ঘ্য সাজিয়ে
আমি থাকব তোমারই প্রতীক্ষায়।
4হে ঈশ্বর, কপটতায় তুমি প্রীত নও,
মন্দকে তুমি দাও না প্রশ্রয়।
5দাম্ভিকেরা দাঁড়াতে পারে না তোমার সম্মুখে,
ঘৃণা কর তুমি দুষ্কৃতীদের।
6তুমি মিথ্যাবাদীদের ধ্বংস কর,
রক্তলোলুপ ও প্রতারকেরা তোমার ঘৃণাস্পদ।
7অপার তোমার অবিচল প্রেম,
তারই গুণে আমি প্রবেশ করব তোমার ভবনে।
তোমার পবিত্র আবাসের দিকে চেয়ে
আমি করব তোমার আরাধনা, সসম্ভ্রমে করব প্রণিপাত।
8হে প্রভু পরমেশ্বর, প্রবল আমার বিরোধী দল,
চালনা কর আমায় তোমারই ধর্মপথে,
সহজ করে দাও এ পথ আমার।
9সত্যের লেশ নেই ওদের কথায়,
হৃদয় ওদের সর্বনাশা চিন্তায় ভরা।
কণ্ঠ ওদের খোলা কবরের মত,
স্তাবকতায় নিপুণ ওদের জিহ্বা বিষম ছলনায়।#রোমীয় 3:13
10হে ঈশ্বর, দণ্ডাদেশ দাও ওদের,
দান কর যোগ্য শাস্তি,
নিজের ফাঁদে নিজেই পড়ুক ওরা
বিতাড়িত কর তোমার সম্মুখ থেকে,
কারণ ওদের দুষ্কর্ম অনেক
বিদ্রোহ করেছে ওরা তোমার বিরুদ্ধে।
11কিন্তু তোমার শরণাগত যারা
উল্লাস করুক তারা সকলে,
সদা মুখরিত হোক আনন্দগানে।
যারা ভালবাসে তোমায়
আশ্রয় দাও তাদের তোমার পক্ষছায়ায়।
12হে প্রভু পরমেশ্বর, ধার্মিককে তুমি করে থাক আশীর্বাদ,
তোমার অনুগ্রহ তাকে ঘিরে রাখে ঢালের মত।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 5