গীতসংহিতা 45
45
রাজার পরিণয় উপলক্ষে রচিত সঙ্গীত
কোরহ বংশের সঙ্কলন।
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: সুর–‘‘কুসুমকলির গান’’ গীতিকবিতা। প্রণয় গীতি।
1রাজার উদ্দেশে এ গাথা নিবেদন করতে গিয়ে
সুমধুর কল্পনার ভাবাবেশে উচ্ছ্বসিত হৃদয় আমার,
সুলেখকের লেখনীর মত।
2(হে রাজন,) সুন্দরতম তুমি মানবকুলে,
মধুর তোমার মুখের বাণী
তাই তুমি চিরধন্য বিধাতার আশীর্বাদে।
3হে বীরশ্রেষ্ঠ, কটিদেশে বন্ধন কর তোমার তরবারি,
প্রতাপ ও মহিমায় হয়ে ওঠ ভাস্বর।
4ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সুদৃঢ়
সঙ্কল্পে স্বপ্রতাপে এগিয়ে যাও জয়যাত্রায়,
বিজয়লাভ করবে তুমি আপন পরাক্রমে।
5তোমার তীক্ষ্ণ শরজালে বিদ্ধ হয় রাজদ্রোহীদের বক্ষ,
জাতিবৃন্দ হয় তোমার অধীন।
6চিরস্থায়ী তোমার মহান সিংহাসন,
তোমার রাজদণ্ড নিরপেক্ষ ন্যায়ের দণ্ড।
7তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়কে,
তাই ঈশ্বর–তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে করেছেন অভিষিক্ত।
তোমার সমকক্ষদের তুলনায়
তোমাকে তিনি করেছেন অধিকতর সুখী।#হিব্রু 1:8-9
8পুষ্পসার, অগুরু ও দারুচিনির সৌরভে সুবাসিত হয় তোমার বসন।
গজদন্তের কারুকার্য শোভিত প্রাসাদে বীণার ঝঙ্কারে বিনোদিত হয়চিত্ত তোমার।
9তোমার রাজসভা অলঙ্কৃত করেছেন
যে সমাদৃত মহিলাবৃন্দ তাঁদের মাঝে আছেন বহু রাজনন্দিনী,
ওফির দেশের স্বর্ণাভরণে সুশোভিতা রাজমহিষী দাঁড়িয়ে আছেন তোমার দক্ষিণে।
10শোন হে কন্যা, আমার কথা শোন,
ভুলে যাও তোমার স্বজাতি ও পিতৃকুলের কথা।
11তোমার রূপলাবণ্যে মুগ্ধ হবেন রাজা,
তিনিই তোমার স্বামী, অনুগত হও তাঁর।
12সোর নগরের অধিবাসীরা তোমার কাছে আনবে উপহার,
বিবিধ রত্নসম্ভারে বিত্তবানেরা করবে তোমার মনোরঞ্জন।
13সর্ব আভরণে সুসজ্জিতা রাজকন্যা রয়েছেন অন্তঃপুরে,
স্বর্ণখচিত তাঁর অঙ্গের বসন।
14মহার্ঘ বসনে বিভূষিতা,
সখীকুল পরিবৃতা রাজকুমারীকে
আনা হবে রাজসন্নিধানে।
15আনন্দ ও উল্লাসধ্বনি সহকারে
তাঁদের নিয়ে যাওয়া হবে রাজভবনে।
16(হে রাজন)
তোমার পিতৃপুরুষদের স্থান অধিকার করবে তোমার সন্তান সন্ততিরা,
পৃথিবীর সর্বত্র তুমি তাদের নিয়োগ করবে শাসনকর্তারূপে।
17আমার এ গৌরব গাথায় পুরুষানুক্রমে ঘোষিত হবে তোমারই সুখ্যাতি,
চিরকাল লোকে করবে তোমার জয়গান।
Currently Selected:
গীতসংহিতা 45: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.