YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 44

44
বিপর্যস্ত মানুষের উদ্ধার লাভের প্রার্থনা
কোরহ বংশের সঙ্কলন।
গীতিকবিতা। সঙ্গীত পরিচালকের জন্য।
1হে প্রভু পরমেশ্বর,
অতীতে আমাদের পূর্বপুরুষের
কালে তুমি সাধন করেছিলে যত মহৎ কর্ম,
সবই শুনেছি আমরা আমাদের পিতৃপিতামহের কাছে।
2অন্যান্য জাতিবর্গকে উচ্ছেদ করে
তুমি স্বয়ং তাঁদের প্রতিষ্ঠিত করেছিলে এ দেশে।
সেই পিতৃপুরুষদের অন্যান্য জাতিবর্গকে বিধ্বস্ত করেছিলে তুমি
কিন্তু সেই পিতৃপুরুষদের তুমি দিয়েছিলে সমৃদ্ধি।
3তরবারি দ্বারা এ দেশ তাঁরা করেননি অধিকার,
করেননি জয়লাভ আপন বাহুবলে।
কিন্তু সম্ভব হয়েছিল তা তোমারই ক্ষমতা ও প্রতাপে,
কারণ তাঁদের উপর প্রসন্ন ছিলে তুমি।
4হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার রাজা,
আমার আরাধ্য ঈশ্বর তুমিই তোমার প্রজা ইসরায়েলকে#44:4 ইসরায়েল: যাকোবের অপর নাম কর উদ্ধার।
5তোমারই পরাক্রমে পরাস্ত করব আমরা আমাদের শত্রুবাহিনীকে,
আমাদের বিরোধীতা করবে যারা তোমারই নামের প্রতাপে আমরা তাদের করব পদদলিত।
6কারণ আপন অস্ত্রবলে আমি নির্ভর করি না,
আমার তরবারি উদ্ধার করতে পারে না আমাকে।
7কিন্তু তুমিই আমাদের করেছ উদ্ধার শত্রুর কবল থেকে।
যারা আমাদের বিদ্বেষ করে তাদের তুমি করেছ অবমানিত।
8ঈশ্বরকে ঘিরেই আমার সকল গর্ব,
চিরকাল আমরা কৃতজ্ঞতা নিবেদন করব তোমারই চরণে। সেলা
9তুমি কিন্তু আজ আমাদের করেছ পরিত্যাগ, অপদস্থ করেছ আমাদের,
তোমার নেতৃত্বলাভে বঞ্চিত আজ আমাদের সৈন্যবাহিনী।
10শত্রুর সম্মুখে তুমি আমাদের পলায়নে বাধ্য করেছ,
লুণ্ঠন করেছে বিরোধীরা আমাদের সকল সম্পদ।
11তুমি আমাদের দশা করেছ বলির মেষের মত,
বিক্ষিপ্ত করেছ জাতিবৃন্দের মাঝে।
12এ যেন নামমাত্র মূল্যে তুমি বিকিয়ে দিয়েছ তোমার প্রজাদের,
মূল্যহীন তারা আজ তোমার কাছে।
13প্রতিবেশীদের কাছে আমাদের তুমি করেছ উপহাসের পাত্র,
তাদের বিদ্রূপবাণে আমরা আজ জর্জরিত।
14অন্যান্য জাতির কাছে তুমি আমাদের করেছ নিতান্তই তুচ্ছ,
করেছ আমাদের অবজ্ঞার পাত্র।
15-16তাদের বিদ্রূপ ও নিন্দার কশাঘাত সৃষ্টি করেছে অন্তর্জ্বালা আমাদের হৃদয়ে,
এই চরম অবস্থার তীব্র দহনে আমরা,
প্রতিশোধকামী শত্রুদের সাক্ষাতে অবনত লজ্জায়।
17আমাদের জীবনে এত অঘটনেও তোমায় ভুলিনি কখনও,
ভঙ্গ করিনি আমরা তোমার সন্ধিচুক্তি শর্ত।
18হৃদয় আমাদের হয়নি বিরূপ,
চরণ হয়নি ভ্রষ্ট তোমার বিধানের পথ থেকে।
19তবুও তুমি আমাদের দলিত মথিত করে করেছ নিক্ষেপ পরিত্যক্ত জনহীন প্রান্তরে,
গভীর আঁধারে আমাদের করেছ পরিত্যাগ।
20যদি আমরা ভুলে যেতাম আমাদের আরাধ্য ঈশ্বরকে,
যদি অঞ্জলি দিতাম অন্য দেবতার চরণে,
21তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী,
জানেন অন্তরের গোপন কথা।
22কিন্তু হায়, তোমারই ভক্ত হয়েছি বলে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি আমরা,
বলির মেষের মতই আমরা হয়েছি গণ্য।#রোমীয় 8:36
23হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও! কেন তুমি আজ নিদ্রামগ্ন?
জাগো, আমাদের করো না পরিত্যাগ চিরতরে।
24কেন তুমি আজ আমাদের প্রতি হয়েছ বিমুখ?
কেন আমাদের দুঃখক্লেশ, নির্যাতন রয়েছ ভুলে?
25আমরা আজ ধূলায় অবলুণ্ঠিত ধরাশায়ী হয়েছি আমরা,
26জাগ্রত হও, সহায় হও আমাদের! উদ্ধার কর আমাদের,
তোমার অবিচল প্রেমের গুণে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 44