YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 42

42
দ্বিতীয় খণ্ড
(গীত 42—72)
ঈশ্বরের জন্য নির্বাসিত ভক্তের আকুলতা
গীতি কবিতা। কোরহ বংশের সঙ্কলন।
সঙ্গীত পরিচালকের জন্য।
1হরিণী যেমন স্রোতস্বিনীর আকাঙ্ক্ষায় আকুল হে প্রভু পরমেশ্বর,
আমার প্রাণও তেমনি ব্যাকুল তোমারই প্রতীক্ষায়।
2ঈশ্বরের জন্য, জাগ্রত ঈশ্বরেরই জন্য তৃষাতুর আমার প্রাণ।
কবে আমি ঈশ্বরের সম্মুখে গিয়ে করব তাঁর শ্রীমুখ দর্শন?
3চোখের জলে আমার দিন কাটে, সারাদিন লোকে আমায় প্রশ্ন করে,
কোথায় তোমার ঈশ্বর?
4যখন স্মরণে জাগে অতীতের কথা,
অন্তর উজাড় করে দিই আমি, ভাবি: একদিন এই জনতার মাঝেই,
ছিল আমার আসা যাওয়া শোভাযাত্রা করে আমি তাদের
নিয়ে যেতাম ঈশ্বরের মন্দিরে। জয়ধ্বনি ও স্তবগানে মুখর ভক্তবৃন্দ পালন করত তোমার উৎসব।
5হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর, কেন হও চঞ্চল?
ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান,
কারণ তিনিই আমার পরিত্রাণ,
আমার আরাধ্য ঈশ্বর।
6-7অন্তরের অন্তঃস্থলে অবসন্ন প্রাণ আমার, এই নির্বাসনে আমি স্মরণ করছি তোমায়,
তুমি যে আছ তোমার আপন দেশে।
হার্মোন গিরিশ্রেণী ও মিৎসার পর্বত থেকে উৎসারিত নির্ঝরের উদ্দাম তরঙ্গরাজি যেমন ভেঙ্গে পড়ে,
বয়ে যায় জর্ডনের বুকে প্রচণ্ড তাণ্ডবে,
তেমনি তুমি পাঠিয়েছ আমার জীবনে নিদারুণ দুঃখের অকরুণ তরঙ্গ তাণ্ডব।
8দিবসে প্রভু দান করুন তাঁর করুণা, রাত্রে তাঁর স্তোত্র হোক আমার সাথী,
আমার জীবনেশ্বরের কাছে এই বিনতি আমার।
9আমার রক্ষাকারী শৈলস্বরূপ ঈশ্বরকে আমি বলি:
কেন তুমি ভুলে গেছ আমায়?
শত্রুদের অত্যাচারে কেন আমি আজ চূর্ণবিচূর্ণ?
10তীক্ষ্ণ বাক্যবাণে আমার বিপক্ষেরা জর্জরিত করে আমায়,
চূর্ণ করে আমার অস্থি। নিশিদিন তারা বিদ্রূপ করে, বলে:
কোথায় তোমার ঈশ্বর?
11হে আমার প্রাণ কেন অবসন্ন হও?
হে আমার অন্তর কেন হও চঞ্চল?
ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান
কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in