YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 38

38
যন্ত্রণায় জর্জরিত ভক্তের কাতর প্রার্থনা
দাউদের ভজন
স্মারক নৈবেদ্য নিবেদন উপলক্ষে
1হে প্রভু পরমেশ্বর, ক্রোধে আমাকে তিরস্কার করো না,
রোষভরে করো না শাসন।
2তোমার শরে আমি বিদ্ধ,
আমার উপরে নেমে এসেছে তোমার দণ্ড।
3তোমার ক্রোধে ক্লিষ্ট আমার দেহ
আমার পাপের দরুণ শান্তিহীন আমার সত্তা।
4অপরাধের পঙ্কে আমি ডুবে আছি,
আমার পক্ষে গুরুভার সেই বোঝা।
5আমার ক্ষতগুলি আজ দূষিত দুর্গন্ধময়
আমারই মূর্খতার জন্য
6পাপের ভারে আমি আজ অবনত, বিধ্বস্ত,
সারাদিন থাকি শোকে ম্রিয়মাণ।
7আমার কটিদেশে দহনজ্বালা,
দেহ স্বাস্থ্যহীন।
8আমি জীর্ণ নিতান্ত অবসন্ন, মর্মযাতনায় করছি আর্তনাদ।
9হে প্রভু পরমেশ্বর তুমি জান আমার সকল কামনা
তোমার অগোচর নয় আমার কাতরোক্তি।
10কম্পমান হৃদয় আমার, শক্তি নিঃশেষিত
নয়ন হারিয়েছে তার জ্যোতি।
11আমার ব্যাধির জন্য আমার স্বজন ও বন্ধুরা আজ
দূরে সরে গেছে, সহচরেরা হয়েছে দূরবর্তী
12যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য পেতেছে ফাঁদ,
যারা কামনা করে আমার অনিষ্ট তাদের মুখে শুধু ধ্বংসের কথা
সারাদিন ষড়যন্ত্র করছে তারা।
13কিন্তু আমি যেন বধির, কিছুই শুনি না,
যেন মূক, নীরব হয়ে থাকি।
14যথার্থই আমি আজ এমন ব্যক্তির মত,
যে কিছুই শুনতে পায় না, যার মুখে নেই কোন প্রতিবাদ।
15কারণ হে প্রভু পরমেশ্বর, আমি রয়েছি তোমারই প্রতীক্ষায়,
হে প্রভু, আরাধ্য ঈশ্বর আমার, তুমি দেবে এর উত্তর।
16এই শুধু বিনতি আমার: আমার পদস্খলনে যারা করে আস্ফালন
উল্লাস করতে দিও না তাদের আমার দুঃখে।
17কারণ আমি আজ পতনোন্মুখ,
নিশিদিন জর্জরিত যন্ত্রণায়।
18আমি স্বীকার করছি আমার অপরাধ,
আনুতপ্ত আমি আমার পাপের জন্য।
19যারা অকারণে আমাকে বিদ্বেষ করে মহাশক্তিমান তারা,
যারা আমাকে ঘৃণা করে অন্যায়ভাবে, সংখ্যায় তারা অগণিত।
20উপকারের বিনিময়ে যারা অপকার করে
তারাই আমার বিপক্ষ কারণ আমি চলি সৎপথে।
21হে প্রভু, আমাকে করো না পরিত্যাগ হে আমার আরাধ্য ঈশ্বর,
দূরে সরে থেক না আমার কাছ থেকে।
22হে প্রভু পরমেশ্বর পরিত্রাতা আমার,
তৎপর হও, সাহায্য কর আমায়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in