গীতসংহিতা 34
34
মঙ্গলময় ঈশ্বরের প্রশংসা গান
দাউদের ভজন
অবিমেলকের কাছে দাউদ পাগলের ভাণ করাতে অবিমেলক তাঁকে তাড়িয়ে দেন। সেই সময় দাউদ এই গীতটি রচনা করেন।#১ শমু 21:13-15
1আমি নিয়ত করব প্রভুর ধন্যবাদ,
নিত্য গাইব তাঁর বন্দনা গান।
2প্রভুকে ঘিরেই আমার গর্ব, আমার সকল গান,
শুনে হবে সুখী সব অভাজন।
3প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর আমার সঙ্গে,
সবে মিলে এস করি তাঁর নাম গান।
4আমি প্রার্থনা করেছিলাম প্রভুর কাছে, তিনি সাড়া দিয়েছেন আমার প্রার্থনায়,
দূর করেছেন আমার সকল শঙ্কা।
5নিপীড়িত মানুষ যদি তাঁর কাছে যায় সাহায্যের প্রত্যাশায়, কখনও তারা হবে না হতাশ,
আনন্দে হবে উজ্জ্বল তাদের মুখ, কখনও তারা হবে না লজ্জিত।
6এই অভাগা তাঁর কাছে করেছিল কাতর ক্রন্দন,
প্রভু শুনেছেন তার আর্তস্বর সকল সঙ্কট থেকে উদ্ধার করেছেন তাকে।
7প্রভুকে যারা করে সম্ভ্রম, তাঁর দূত তাদের রাখেন ঘিরে,
মুক্ত করেন তাদের বিপদ থেকে।
8আস্বাদন করে দেখ, প্রভু পরমেশ্বর মঙ্গলময়
যে জন তাঁর নিয়েছে শরণ পরম সৌভাগ্য তার।#১ পিতর 2:3
9হে প্রভুর ভক্তবৃন্দ, সম্ভ্রম কর প্রভুকে,
যারা তাঁকে সম্ভ্রম করে তাদের অভাব হয় না কখনও।
10জোয়ান সিংহেরও অভাব হয় ক্ষুধায় কষ্ট পায় তারা কিন্তু প্রভুর অন্বেষী যারা,
কোন অভাব হয় না তাদের।
11বৎসগণ, শোন আমার কথা,
তোমাদের শেখাব আমি ঈশ্বরভক্তি।
12জীবনকে উপভোগ করতে তোমরা কে চাও?
সুখের জন্য কে চাও দীর্ঘ আয়ু?
13তাহলে শোন বলি, বাক সযম কর,
অপবাদ দিও না কাউকে, থামাও মধুর মিথ্যাভাষণ।
14মন্দ থেকে দূরে থাক, নিবিষ্ট থাক সৎকর্মে,
শান্তির অন্বেষণ কর, অনুসরণ কর তাকে।
15দৃষ্টি রাখেন প্রভু ধার্মিকের উপর,
শোনেন তাদের আর্তনাদ।
16প্রভু পরমেশ্বর দুষ্কৃতীদের প্রতি চরম বিমুখ মুছে ফেলবেন
তাদের সকল স্মৃতি পৃথিবীর বুক থেকে।#১ পিতর 3:10-12
17প্রভু শোনেন ধর্মনিষ্ঠের কাতর ক্রন্দন,
সকল সঙ্কট থেকে তাদের করেন উদ্ধার।
18ভগ্নচূর্ণ হৃদয় যাদের, প্রভু তাদের পরম সহায়,
নিষ্পেষিত যাদের আত্মা তিনি তাদের করেন উদ্ধার।
19ধার্মিকের জীবনে অনেক দুর্ভোগ
কিন্তু প্রভু তাকে করেন নিস্তার সকল সঙ্কট থেকে।
20তিনি রক্ষা করেন তার অস্থিসমূহ,
ভগ্ন হয় না তার একটিও।#যোহন 19:36
21দুষ্কর্মেই দুর্জনের বিনাশ,
ধর্মনিষ্ঠের প্রতি বিদ্বেষী যারা,তাদের দণ্ড অনিবার্য।
22আপন সেবকদের জীবন রক্ষা করেন প্রভু পরমেশ্বর,
তাঁর শরণাগতেরা পাবে দণ্ডের মার্জনা।
Currently Selected:
গীতসংহিতা 34: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.