YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 33

33
প্রভু পরমেশ্বরের স্তুতিগান
1জয়ধ্বনি কর হে ধার্মিকবৃন্দ, প্রভু পরমেশ্বরের নামে হর্ষধ্বনি কর।
ন্যায়নিষ্ঠদের মুখেই মানায় স্তুতিগান।
তাঁর অনুগত ভক্তের মুখেই শোভা পায় তাঁর স্তুতিগান।
2তোমরা বীণার ঝঙ্কারে গাও পরমেশ্বরের স্তুতিগান,
নিবেদন কর স্তবের নৈবেদ্য বহুবিচিত্র তারের ঝঙ্কারে।
3উদাত্ত কণ্ঠে গাও নব নব সঙ্গীত তাঁরই উদ্দেশে
নিপুণ হাতে ঝঙ্কার তোল তারযন্ত্রে।
4প্রভুর বাক্য পরম সত্য,
সত্য রক্ষা করেন তিনি সকল কর্মে।
5সততা ও ন্যায়বিচারে প্রভুর সন্তোষ,
তাঁর অবিচল প্রেমের নিত্য ধারায় পূর্ণ এ ধরাতল।
6প্রভু পরমেশ্বরের উচ্চারণে সৃষ্ট হল গগনমণ্ডল,
রূপায়িত হল সূর্য-চন্দ্র তারকারাজি তাঁর একটি আদেশে।
7তিনিই করেছেন সংহত সমুদ্রের জলরাশিকে,
সঞ্চিত রেখেছেন অতল জলধিবক্ষে।
8প্রভুকে সম্ভ্রম করুক সমগ্র পৃথিবী,
সমাদরে জগদ্বাসী করুক তাঁর আরাধনা।
9তাঁর বাক্য উচ্চারণে সৃষ্ট হল এ বিশ্বভুবন,
তাঁরই নির্দেশে হল তার স্থিতি।
10প্রভু পরমেশ্বর জাতিবৃন্দের মন্ত্রণা ব্যর্থ করেন,
বিফল করেন তাদের সকল সঙ্কল্প।
11প্রভু পরমেশ্বরের পরিকল্পনা চিরস্থায়ী,
সার্থক তাঁর সঙ্কল্প যুগে যুগে।
12ধন্য সেই জাতি, প্রভু পরমেশ্বরই যাদের আরাধ্য ঈশ্বর,
পরম সৌভাগ্য সেই মানব গোষ্ঠীর, যারা তাঁর মনোনীত প্রজা।
13স্বর্গ থেকে প্রভু দৃষ্টিপাত করেন,
দেখেন তাঁর সকল সন্তানকে।
14আপন আবাস থেকে তিনি সকল
মর্ত্যবাসীকে করেন নিরীক্ষণ।
15তিনিই দান করেন তাদের চিন্তাশক্তি,
লক্ষ্য করেন তাদের সকল কার্যকলাপ।
16বিরাট সেনাবাহিনী কোন রাজাকে রক্ষা করতে পারে না
আপন শৌর্যে বীর পায় না নিস্তার।
17যুদ্ধ অশ্বে নির্ভর করে বৃথা বিজয়ের আশা,
মহাতেজীয়ান হলেও সে অশ্ব রক্ষার অক্ষম।
18প্রভুর দৃষ্টি নিয়ত নিবদ্ধ তাদেরই উপর যারা সম্ভ্রম করে তাঁকে,
নির্ভর করে তাঁর অবিচল প্রেমে,
19যেন মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেন তাদের প্রাণ,
দুর্ভিক্ষের গ্রাস থেকে বাঁচান তাদের জীবন।
20আমরা প্রভুরই প্রতীক্ষায় আছি, তিনিই আমাদের সহায়,
আমাদের ঢালস্বরূপ।
21তাঁরই সান্নিধ্যে আমাদের পরম আনন্দ,
তাঁরই পুণ্য নাম আমাদের পরম সহায়।
22হে প্রভু পরমেশ্বর, বিরাজ করুক তোমার অবিচল প্রেম আমাদের ঘিরে,
তুমিই আমাদের সকল আশা ও ভরসা

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 33