YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 35

35
সাহায্যের জন্য প্রার্থনা
দাউদের ভজন
1হে প্রভু পরমেশ্বর, আমার বিরোধী যারা, তুমি তাদের কর প্রতিরোধ,
যারা সংগ্রাম করে আমার বিপক্ষে তাদের বিরুদ্ধে তুমিও কর সংগ্রাম।
2তুমি ঢাল ও বর্ম ধারণ কর,
দাঁড়াও আমার পক্ষে, সহায় হও আমার।
3যারা আমার পশ্চাতে ধাবিত ঊর্ধ্বশ্বাসে,
তাদের বিরুদ্ধে উদ্যত কর তোমার বর্শা ও রণকুঠার,
তুমিই যে আমার পরিত্রাণ –এই প্রতিশ্রুতি দাও আমায়।
4যারা ব্যগ্র আমার প্রাণনাশের চেষ্টায়,
তারা হোক লাঞ্ছিত, অপদস্থ, যারা চক্রান্ত করে আমার বিরুদ্ধে
হতবুদ্ধি হয়ে ফিরে যাক তারা।
5ওরা হোক বাতাসের মুখে উড়ে যাওয়া তুষের মত,
প্রভুর দূত বিতাড়িত করুন ওদের।
6ওদের পথ হোক পিছল, আবৃত অন্ধকারে,
নিয়ত ধাবিত থাকুন প্রভুর দূত ওদের পশ্চাতে।
7অকারণে ওরা আমার জন্য পেতেছে গোপন ফাঁদ
আমার বিনাশের জন্য খুঁড়েছে গভীর খাত।
8ওদের অজ্ঞাতসারে নেমে আসুক সর্বনাশ নিজেদের পাতা গোপন ফাঁদে নিজেরাই পড়ুক ধরা,
অতর্কিতে পড়ুক ওরা ধ্বংসের কবলে।
9আমার প্রাণ তখন প্রভুর জন্য হবে উল্লসিত,
তাঁরই সাধিত পরিত্রাণে আমি করব আনন্দ।
10আমার সমগ্র সত্তা তখন বলবে:
“হে প্রভু পরমেশ্বর তোমার তুল্য কে আছে আর?
তুমিই প্রবলের হাত থেকে দুর্বলকে রক্ষা কর,
দীন দুঃখীকে উদ্ধার কর অত্যাচারীর কবল থেকে।
11দুর্জনেরা আমার বিরুদ্ধে এনেছে মিথ্যা অভিযোগ,
অভিযুক্ত করেছে আমায় এমন অপরাধে যে বিষয়ে আমি কিছুই জানি না।
12উপকারের প্রতিদানে ওরা করেছে আমার অপকার,
আমি আজ পরিত্যক্ত, নিমজ্জিত হতাশায়।
13ওরা পীড়িত হয়েছে যখন,
আমি তখন পরেছি শোকের বসন,
উপবাসে ক্লিষ্ট করেছি নিজেকে,
নতশিরে করেছি প্রার্থনা নিবেদন।
14ভাই বা বন্ধুর দুঃখে অস্থির ব্যক্তির মত,
মাতৃশোকে কাতর মানুষের মত,
গভীর শোকে হয়েছি মুহ্যমান।
15কিন্তু আমার বিপদের দিনে ওরা সকলেই হয়েছে আনন্দিত,
দলবদ্ধ হয়েছে ওরা আমার বিরুদ্ধে।
আমার অপরিচিত লোকেরা নিরন্তর
আমাকে করেছে ব্যঙ্গ উপহাস।
16আমার প্রতি দারুণ অবজ্ঞায় ওরা বিকৃত করেছে মুখ,
জর্জরিত করেছে আমায় বিদ্রূপ বাণে।
17হে প্রভু পরমেশ্বর, আর কতকাল তুমি শুধ দর্শক হয়ে থাকবে?
ওদের আক্রমণ থেকে রক্ষা করা আমাকে,
ঐ সিংহদের কবল থেকে বাঁচাও আমার প্রাণ।
18আমি সুবিপুল জনসমাবেশে করব তোমার স্তব,
অসংখ্য লোকের মাঝে করব তোমার প্রশংসা গান।
19মিথ্যাবাদী শত্রুদের উল্লাস করতে দিও না আমার বিরুদ্ধে,
অকারণে যারা আমাকে হিংসা করে কটাক্ষ করতে দিও না তাদের।#গীত 69:4; যোহন 15:25
20ওরা কটূভাষী, শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে
ওরা রচনা করে মিথ্যা অপবাদ।
21ওরা আমার বিরুদ্ধে অভিযােগ করে,
উচ্চস্বরে বিদ্রূপ করে বলে আমায়,‘তোমার সব কীর্তিই দেখেছি আমরা!’
22হে প্রভু পরমেশ্বর সবই দেখেছ তুমি,
নীরব থেক না আর, যেও না দূরে সরে হে প্রভু পরমেশ্বর।
23জাগ্রত হও, ওঠ হে ঈশ্বর আমার,
দাঁড়াও আমার পক্ষে, সমর্থন কর আমায়।
24হে প্রভু আমার, ন্যায়বান তুমি, আমার বিচার কর,
উল্লাস করতে দিও না আমার শত্রুদের।
25ওদের বলতে দিও না এ কথা,
‘আমরা যা চেয়েছি তাই ঘটেছে, ‘বলতে দিও না,
‘আমরা ওকে করেছি গ্রাস।’
26যারা আনন্দিত হয় আমার দুর্দশায়,
তারা সকলেই হোক অপদস্থ,
যারা আমাকে তচ্ছ করে গর্বিত হয়,
লজ্জা ও অপমানই হোক তাদের ভূষণ।
27আমার নির্দোষিতা প্রমাণে যারা হর্ষধ্বনি করে,
তারা বলুক বারবার, ‘প্রভু পরমেশ্বর মহান্,
তাঁর সেবকের কুশলে তিনি পরম প্রীত।’
28আমি তখন করব ঘোষণা তোমার ন্যায়পরতার কথা,
সারাদিন করব তোমার প্রশংসাগান।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 35