গীতসংহিতা 31
31
সঙ্কটকালে শরণাগতের আর্ত মিনতি
দাউদের ভজন
(সঙ্গীত পরিচালকের জন্য।)
1হে প্রভু পরমেশ্বর, আমি নিয়েছি তোমারই শরণ।
লজ্জিত হতে দিও না আমায়,
তুমি ধর্মময়,
আমায় তুমি রক্ষা কর।
2আমার আবেদন শোন, বাঁচাও আমায়, করো না বিলম্ব।
তুমি হও আমার পরম আশ্রয়,
হও আমার পরিত্রাণের সুদৃঢ় দুর্গ।
3কারণ তুমিই আমার আশ্রয়গিরি, তুমিই দুর্গ আমার,
তোমার নামের মাহাত্ম্যে আমায় পথ দেখাও, চালনা কর আমায়।
4আমার জন্য বিছানো গোপন ফাঁদ থেকে আমাকে উদ্ধার কর,
রক্ষা কর আমায়, তুমি যে আশ্রয়দাতা আমার।
5তোমারই হাতে আমি সঁপেছি আমার প্রাণ,
সত্যময় তুমি হে প্রভু ঈশ্বর,
তুমিই আমায় করেছ উদ্ধার।#লুক 23:46
6অলীক বস্তুর উপাসনা করে যারা তাদের ঘৃণা কর তুমি,
কিন্তু আমি করি নির্ভর তোমারই উপর।
7তোমার অবিচল প্রেমেই আমার পরম আনন্দ আর অসীম উল্লাস,
তুমি দেখেছ আমার সমূহ বিপদ সঙ্কটে আমায় করেছ রক্ষা।
8শত্রুর হাতে তুমি দাওনি আমায় তুলে,
প্রশস্ত অঙ্গণে আমার চরণে দিয়েছ স্বচ্ছন্দ গতি অবারিত পথে।
9হে প্রভু পরমেশ্বর, বিপন্ন আমি,
কৃপা কর আমার প্রতি।
দুঃখ দহনে জীর্ণ এ দেহমন,
দৃষ্টি হয়েছে ক্ষীণ অবিরল অশ্রুপাতে।
10দুঃখেই গেল সারাটি জীবন আমার,
দীর্ঘশ্বাসে ফুরাল আমার আয়ু।
দুর্দশায় শক্তি হয়েছে নিঃশেষিত
অস্থি হয়েছে ক্ষীণ।
11শত্রুর উপহাসের পাত্র আমি,
প্রতিবেশীর কাছে বিভীষিকা,
পরিচিতজনের সন্ত্রাস আমি,
সকলে পালায় ত্রাসে আমায় দেখে।
12মৃতজনের মতই আমি হয়েছি বিস্মৃত,
হয়েছি ফেলে দেওয়া ভাঙ্গা মৃৎপাত্রের মত।
13আমি শুনতে পাচ্ছি, অনেকের কানাকানি,
আতঙ্ক ঘিরে ধরেছে আমায়,
আমার বিরুদ্ধে ওরা করছে চক্রান্ত,
করছে ষড়যন্ত্র আমার জীবন নাশের।
14কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমিই ভরসা আমার, আমি বলি:
তুমিই আমার আরাধ্য ঈশ্বর।
15তোমার হাতেই আমার জীবন,
যে শত্রুরা আমায় করে নির্যাতন,
তাদের কবল থেকে বাঁচাও আমায়।
16এ দাসের প্রতি প্রসন্ন হোক তোমার শ্রীমুখ,
দয়া কর, উদ্ধার কর আমায়।
17হে প্রভু পরমেশ্বর,
লজ্জিত হতে দিও না আমায়,
আমি যে তোমায় ডাকি। দুর্জনেরা হোক লজ্জায় অধোমুখ,
স্তব্ধ হোক ওরা, যাক রসাতলে।
18নির্বাক হোক সেই মিথ্যাবাদী মুখ দুরন্ত স্পর্ধায় যে করে আস্ফালন,
ব্যঙ্গ করে তোমার ভক্তকে।
19চির অফুরাণ তোমার কল্যাণ ভাণ্ডার রেখেছ তাদের জন্য,
যারা তোমার একান্ত অনুগত,
চিরভক্ত তোমার। তোমার শরণাগত যারা,
তাদের কাছে, তুমি করেছ প্রকাশ মহত্ত্ব তোমার, মানব সমাজে সকলেই জানে সে কথা।
20মানুষের চক্রান্ত থেকে তুমি স্বয়ং আড়াল করে রাখ তাদের,
রক্ষা কর বাদ-বিসম্বাদ থেকে,
অন্তরালে রাখ তাদের আপন আশ্রয়ে।
21প্রভুর জয়ধ্বনি কর, যখন আমি আবদ্ধ ছিলাম অবরুদ্ধ নগরীতে,
তখন তিনি দেখালেন আমায়, কী আশ্চর্য করুণা তাঁর।
22শঙ্কায় বিহ্বল হয়ে আমি বলেছিলাম:
তোমার কৃপাদৃষ্টি থেকে আমি হয়েছি বিচ্যুত।
কিন্তু তোমার কাছে আমি যখন জানালাম কাতর আবেদন
তুমি শুনলে আমার মিনতি।
23প্রভু পরমেশ্বরের ভক্তবৃন্দ, তোমরা ভালবাস তাঁকে।
বিশ্বাসীদের তিনি রক্ষা করেন,
কিন্তু উদ্ধত যার আচরণ,
তাকে দেন সমুচিত শাস্তি।
24তোমরা যারা প্রভুর প্রতীক্ষায় আছ, সাহস কর,
সবল হোক তোমাদের চিত্ত।
Currently Selected:
গীতসংহিতা 31: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.