YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 30

30
কৃতজ্ঞতা নিবেদন
দাউদের ভজন
(মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে গীত)
1হে প্রভু পরমেশ্বর, আমি গাইব তোমার প্রশংসা গান, কারণ তুমিই আমাকে করেছ উদ্ধার, রেখেছ শীর্ষে,
দাওনি আমার শত্রুদের উল্লাসের সুযোগ।
2হে প্রভু পরমেশ্বর, আমার আরাধ্য ঈশ্বর,
আমি আর্তস্বরে ডেকেছি তোমায়,
তুমি আমায় করেছ নিরাময়।
3হে প্রভু, পাতাল থেকে তুমি ফিরিয়ে এনেছ আমার প্রাণ,
অধোলোক থেকে করেছ উদ্ধার জীবন আমার।
4এস হে ভক্তবৃন্দ,
কর স্তুতিগান প্রভুর উদ্দেশে,
তাঁর পুণ্য নামের কর গুণগান।
5তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী
কিন্তু অনুগ্রহ তাঁর জীবনব্যাপী।
নিশীথের অশ্রুধারা থাকে ক্ষণকাল
মুছে যায় প্রভাতের আনন্দ সঙ্গীতে।
6সুখের দিনে আমি বলেছিলাম:
আমি কখনও হব না বিচলিত।
7হে প্রভু পরমেশ্বর, তুমি আপন অনুগ্রহে
সুদৃঢ়ভাবে আমাকে করেছিলে সংস্থাপন,
কিন্তু তুমি যখন আড়াল করলে
শ্রীমুখ তোমার
তখনই আমি হলাম আতঙ্কে বিহ্বল।
8হে প্রভু পরমেশ্বর, তোমাকেই আমি ডাকলাম,
তোমারই কাছে জানালাম আমার বিনতি:
9আমার মরণে কিম্বা পাতালগমনে তোমার কি লাভ?
মৃতেরা কি তোমার স্তব করতে পারে?
বলতে পারে কি,
তুমি নির্ভরযোগ্য, পরম বিশ্বস্ত?
10হে প্রভু পরমেশ্বর, দয়া কর আমায় শোন আমার কথা!
তুমি হও আমার পরম সহায়।
11তুমিই হরণ করেছ আমার শোকতাপ, দুঃখের বদলে দিয়েছ আমায় নৃত্যের ছন্দ,
বিষাদের বসন খুলে সাজিয়েছ আনন্দের সাজে।
12যেন মৌন না থাকে আমার হৃদয় সদা যেন করে তোমার গৌরব গান,
ওগো প্রভু, আমার আরাধ্য ঈশ্বর,
চিরকাল আমি গাইব তোমার স্তবগান।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in