YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 148

148
বিশ্বস্রষ্টা প্রভুর প্রশস্তি কর
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! সমগ্র সৃষ্টি স্রষ্টার কর প্রশস্তি,
ঊর্ধ্বলোক থেকে কর তাঁর প্রশংসাকীর্তন।
2হে প্রভুর দূতবৃন্দ, তাঁর প্রশস্তি কর,
হে প্রভুর বাহিনী, তাঁর প্রশস্তি কর।
3হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশস্তি কর,
হে জ্যোতিষ্মান তারকারাজি, তাঁর প্রশস্তি কর।
4হে ঊর্ধ্বতম স্বর্গলোক,
হে আকাশ মণ্ডলের ঊর্ধস্থ জলরাশি তাঁর প্রশস্তি কর।
5সকলে প্রভুর নামের করুক প্রশস্তি,
তাঁরই আদেশে তারা হয়েছে সৃষ্ট।
6তিনি স্থাপন করেছেন তাদের চিরতরে,
করেছেন প্রবর্তন এক চিরস্থায়ী বিধি।
7মর্ত্যলোকে ধ্বনিত হোক প্রভুর প্রশস্তি
হে অতিকায় জলদানব ও অতল জলধি,
8অগ্নি ও শিলা, তুষার ও কুয়াশা
তাঁর আজ্ঞাবহ প্রচণ্ড ঝঞ্ঝা,
9পাহাড় ও পর্বতশ্রেণী
ফলদায়ক তরু ও সীডার বৃক্ষরাজি,
10বন্য জন্তু ও গৃহপালিত পশুপাল,
সরীসৃপ ও উড্ডীয়মান বিহঙ্গ কুল,
11হে পৃথিবীর নৃপতিবৃন্দ ও সমস্ত জাতি
নেতৃবৃন্দ ও সমগ্র পৃথিবীর শাসককুল,
12তরুণ ও তরুণী সমাজ
বৃদ্ধ ও শিশুগণ,
13তোমরা সকলেই কর প্রভুর নামের প্রশস্তি,
কেননা একমাত্র তাঁরই নাম মহিমান্বিত,
স্বর্গ ও মর্ত্যের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত তাঁরই গৌরব।
14তাঁর প্রজাদের শক্তিবৃদ্ধি করেছেন তিনি,
তাঁর ভক্তবৃন্দের এবং ইসরায়েল কুলের যারা তাঁর অনুগত প্রজা,
তিনি তাদের গৌরবস্বরূপ।
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in